কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষী

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, প্রথমে মামলার ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে। গত ১৭ জুন এই কার্যক্রম হওয়ার কথা থাকলেও আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তা আজকের দিনে পুনর্ধার্য করে।

অভিযোগ ও বিচার শুরুর আদেশ

এর আগে ৩০ এপ্রিল কামরুল ও মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল-১। প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগে বলা হয়, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে বিভিন্ন উসকানি দিয়েছেন কামরুল ও মেনন। তারা আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদ থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার ও কারফিউ জারির প্ররোচনা দেন। তাদের ধারাবাহিক ষড়যন্ত্রে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ