শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় ধানখেত থেকে মাটিচাপা অবস্থায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তি সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে কাজল মিয়া। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।
লাশ দেখে পুলিশে খবর
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন মুসল্লি রাস্তার পাশের একটি বটগাছের নিচে ধানখেতে লাশটি দেখতে পান। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মমিন মেম্বারকে জানান।
ইউপি সদস্য মমিন মেম্বার বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধানখেতের মধ্যে লাশটি দেখতে পাই। লাশের হাত-পা উপরের দিকে ছিল এবং আংশিকভাবে মাটিচাপা দেওয়া অবস্থায় পড়ে ছিল। পরে শেরপুর সদর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।'
নিহতের পরিবারের বর্ণনা
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন কাজল মিয়া। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। এরপর শুক্রবার তার লাশ উদ্ধারের খবর পান তারা।
পুলিশের তদন্ত
এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।'



