বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার বিবরণ
শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারাজুল ইসলাম সাকিদারের ছেলে মুহিদুল ইসলাম সাকিদারের (৬৪) সঙ্গে একই গ্রামের দুদু প্রামানিকের ছেলে খাজা প্রামানিকের (৬০) জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিষয়ে বগুড়া জেলা জজ আদালতে উভয়পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
জমি দখলকে কেন্দ্র করে সকালে নালিশি জমিতে উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই উভয়পক্ষের ৯ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন: মাঝবাড়ী গ্রামের মন্ডলবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে লিটন সাকিদার (৪০), মহিদুল সাকিদারের ছেলে রিপন আহমেদ (৩২), তারাজুল ইসলামের ছেলে মুহিদুল সাকিদার (৬৪), মৃত ওফিজ সাকিদারের ছেলে সায়েদজ্জামান সাকিদার (৬২), ফুল বাবু সাকিদারের ছেলে সহিদ ইসলাম সাকিদার (৩১), দবির সাকিদারের ছেলে মন্তেজার রহমান সাকিদার (৫৫), মুহিদুল ইসলাম সাকিদারের স্ত্রী দিলেরা বেগম (৪০), মালেক প্রামানিকের ছেলে তাহেরুল ইসলাম প্রামাণিক (৫০) এবং জুয়েল মিয়া প্রামানিকের ছেলে মুন প্রামানিক (২৮)।
চিকিৎসা ও মৃত্যু
সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে লিটন সাকিদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান।
আহত রিপন আহমেদ ও মুহিদুল সাকিদারকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
পুলিশের কার্যক্রম
সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি আরও বলেন, সকালে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সংঘর্ষে জড়িত ৫ জনকে আটক করে সারিয়াকান্দি থানায় আনা হয়েছে। শুক্রবার বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। মামলা দায়ের প্রক্রিয়া চলমান। মামলার ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



