গুলশানে স্বর্ণ ব্যবসায় প্রতারণা: ১৪ কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১
গুলশানে স্বর্ণ ব্যবসায় প্রতারণা: ১৪ কোটি টাকা আত্মসাৎ

রাজধানীর গুলশান এলাকায় ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানে যৌথ ব্যবসায় বিনিয়োগের নামে প্রতারণা করে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সৌমেন সাহা (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকালে হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রতারণার পদ্ধতি

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, ২০২০ সালে ধানমন্ডির মেট্রো শপিং মলে ব্যবসায়িক সূত্রে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তীর সঙ্গে অভিযুক্ত সৌমেন সাহার পরিচয় হয়। করোনাকালে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ও বিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে।

তিনি আরও জানান, ২০২৩ সালে সৌমেন সাহা দুবাই থেকে স্বর্ণ কেনার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ৫০ লাখ টাকা ধার নেন। পরে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামে একটি নতুন দোকান চালুর প্রস্তাব দিয়ে ভুক্তভোগীকে ব্যবসার অংশীদার করার প্রতিশ্রুতি দেন। এভাবে তিনি ৪ কোটি ৩০ লাখ টাকা নেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আত্মসাৎ ও হুমকি

পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে নগদ টাকা ও চেকের মাধ্যমে সর্বমোট ১৪ কোটি ৩৮ লাখ টাকা হাতিয়ে নেন। বিনিয়োগের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সৌমেন সাহা ব্যবসার কোনো লভ্যাংশ বা হিসাব দেননি। বরং বিভিন্ন অজুহাতে টালবাহানা করতে থাকেন। সর্বশেষ ভুক্তভোগী পুনরায় হিসাব চাইলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ভুক্তভোগী গুলশান থানায় মামলা করেন।

গ্রেফতার

মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে সৌমেন সাহাকে গ্রেফতার করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ