২০ হাজার টাকার জন্য মোতালেবকে পিটিয়ে হত্যা, আদালতে স্বীকারোক্তি জাকিরের
২০ হাজার টাকার জন্য মোতালেব হত্যা, আদালতে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোতালেব মিয়াকে হত্যায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন জাকির হোসেন। মোতালেব মিয়ার লাশ সড়কের পাশে ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতারকৃত ইজিবাইক গ্যারেজ মহাজন সোহেল ও ইজিবাইক চালক ফারুক মিয়াকে আদালত থেকে ২ দিনের রিমান্ড নিয়েছে পুলিশ।

আদালতে জবানবন্দি ও রিমান্ড

শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত ১৬৪ ধারায় জাকির হোসেনের জবানবন্দি গ্রহণ করেছেন। একই আদালত পুলিশের আবেদনে অপর দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন।

হত্যার বিবরণ

মামলার তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, মোতালেব মিয়ার কাছে দীর্ঘদিন আগে দুই হাজার টাকা ধার নেয় জাকির হোসেন। সেই টাকা দেওয়ার কথা বলে মোতালেব মিয়াকে বাসায় ডেকে নেয় জাকির হোসেন। এরপর বাসায় আটকিয়ে মোতালেব মিয়ার কাছে আরও ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে মোতালেব মিয়াকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে মোতালেব মিয়ার কাছ থেকে তার বিকাশের পিনকোড নিয়ে ৬৮ হাজার টাকা জাকির তার মোবাইলে ট্রান্সফার করে নেয়। এরপর মোতালেব মিয়ার মৃত্যু হয়। তারপর রাতেই জাকির দুজনের সহযোগিতায় তোশকে প্যাঁচিয়ে ইজিবাইকে উঠিয়ে সড়কের পাশে মোতালেব মিয়ার লাশ ফেলে দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রযুক্তির মাধ্যমে শনাক্তকরণ

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার সকালে জামতলা সড়কের পাশ থেকে লাশ উদ্ধারের পর প্রযুক্তির মাধ্যমে জাকির হোসেনকে হত্যাকারী হিসাবে শনাক্ত করা হয়। এরপর বিভিন্ন বাসা বাড়ি ও প্রতিষ্ঠানের সিসিটিভি পর্যালোচনা করে দেখা যায়, হত্যাকাণ্ডের আগের দিন জাকির হাসতে হাসতে মোতালেব মিয়াকে তার বাসায় নিয়ে যায়। একই ক্যামেরায় দেখা যায় ওই দিন রাতেই তার বাসা থেকে প্যাঁচানো তোশক ইজিবাইকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। ইজিবাইকের পেছনে জাকিরসহ ২ জন দৌড়াচ্ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ও উদ্ধার

এসআই রফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতেই বন্দর থেকে জাকিরকে গ্রেফতার করা হয়েছে। এরপর তার কাছ থেকে নিহত মোতালেব মিয়ার ব্যবহৃত মোবাইল টাকা ও টিফিনবক্স উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও যারা জড়িত প্রত্যেককেই গ্রেফতার করা হবে।

নিহতের পরিচয়

নিহত মোতালেব (৬৫) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত. সোলেমান মিয়ার ছেলে। তিনি সপরিবারে ফতুল্লার মাসদাইর কবরস্থান এলাকায় ফারুক মিয়ার জাজিরা টাওয়ারের ছয়তলায় বসবাস করেন।