জয়পুরহাটে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের মামলায় সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের বিবরণ
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জয়পুরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রনি জেলার আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে।
মামলার ঘটনা
মামলার বিবরণে জানা গেছে, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই শিশুর বাবা মালয়েশিয়া প্রবাসী। শিশুটি তার মায়ের সঙ্গে আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামে নানার বাড়িতে থাকত। ২০২২ সালের ১৪ জুন শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলা শেষে অন্য শিশুরা চলে গেলে সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে তার চাচার বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং এ ঘটনা অন্য কাউকে যেন না বলে সে ব্যাপারে হুমকি দেয়।
শিশুটি নিজ বাড়িতে ফিরে যাবার পরদিন অসুস্থ হয়ে পড়লে সে তার পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলে। এ ব্যাপারে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার শুনানি ও ৮ জনের সাক্ষ্য শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।
কঠোর শাস্তির বার্তা
জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি বলেন, 'এ রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের মতো অপরাধে কঠোর শাস্তির বার্তা আরও স্পষ্ট হলো।' একই সঙ্গে তিনি এমন অপরাধ প্রতিরোধে দ্রুতবিচার ও আইনের কঠোর প্রয়োগ অব্যাহত রাখার দাবি জানান।



