ময়মনসিংহের ত্রিশালে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ইব্রাহিম (৪৫) নামের এক ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করার পর অভিযুক্ত ব্যক্তিকে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত ইমামের পরিচয় ও ঘটনার বিবরণ
অভিযুক্ত মো. ইব্রাহিম উপজেলার একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করেন। পুলিশ জানায়, ৮ বছর বয়সী শিশুটি একটি মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবা ভ্যানচালক ও মা পোশাক কারখানায় কাজ করেন। গ্রামের বিভিন্ন বাড়ি থেকে মসজিদের ইমামকে খাবার দেওয়া হতো। গত শুক্রবার শিশুটি তাঁর জন্য দুপুরের খাবার নিয়ে যায়। তখন তিনি শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ও দেখান তিনি।
ঘটনা জানাজানি ও স্থানীয়দের প্রতিক্রিয়া
গতকাল সোমবার শিশুটি স্বজনদের ধর্ষণের বিষয়টি জানায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মসজিদে গিয়ে ইমামকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
মামলা ও আইনি প্রক্রিয়া
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গতকাল সোমবার রাতে থানায় মামলা করেন। ওই মামলায় ইব্রাহিমকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার আদালতে পাঠায় পুলিশ। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, “শিশুটি ইমামকে খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়। গত শুক্রবার ঘটনাটি ঘটলেও গতকাল সোমবার বিষয়টি জানাজানি হয়।”
শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দি
আজ শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়।



