ময়মনসিংহের ত্রিশালে সাড়ে পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মো. শাহিনুর ইসলাম নামে মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (২০ জুন) রাতে ত্রিশাল থানায় মামলা করেছেন শিশুটির বাবা।
গ্রেফতার ইমামের পরিচয়
গ্রেফতারকৃত ইমাম মো. শাহিনুর ইসলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি ত্রিশাল উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের চিকনা মনোহর এলাকার হাসেন আলী শেখবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ঘটনার বিবরণ
ভুক্তভোগী শিশুটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামের বাসিন্দা। পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার একটি গ্রামে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করে। ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার থেকে জানা যায়, শাহিনুর ইসলামের কাছে আরবি শিখে শিশুটি। তার সঙ্গে আরও দুই ছেলে শিশুও আরবি শিখে।
শনিবার বিকালে শিশুটি আরবি শিখতে গিয়ে বাড়ি ফিরতে দেরি হয়। মা খুঁজতে গিয়ে দেখেন শাহিনুর ইসলাম মেয়েটিকে ধর্ষণ করছে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে শাহিনুরকে আটক করে। তারা শাহিনুরকে মারধর করে মসজিদের ভেতরে তালাবদ্ধ রেখে পুলিশকে খবর দেন। পরে জুতার মালা পরিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
চিকিৎসা ও আইনি প্রক্রিয়া
শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিসে পাঠানোর পরামর্শ দেন।
এ ব্যাপারে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, “ভুক্তভোগী শিশুটির বাবা মামলা করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সকালে শাহিনুর ইসলামকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।”
শিশুটির মায়ের প্রতিক্রিয়া
সন্ধ্যায় শিশুটির মা বাংলা ট্রিবিউনকে বলেন, “আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই, যেন ভবিষ্যতে কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।”



