কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্ত এলাকার একটি বাড়ির ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম ঝাউকুটির বাসিন্দা জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
পুলিশের অভিযান ও উদ্ধারকৃত মালামাল
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এ তথ্য নিশ্চিত করেছেন। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন প্রসাধনী ও খাদ্যদ্রব্য। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার ভূরুঙ্গামারী সার্কেলের নেতৃত্বে সোমবার বিকালে কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের ঝাউকুটির গ্রামে চোরাকারবারি জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, পাঁপড় ও প্যান্ট পিস উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে থানায় নেয় পুলিশ। তবে অভিযুক্ত জহুরুল বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
চোরাচালানের সুযোগ ও পরবর্তী ব্যবস্থা
এএসপি মুনতাসির মামুন মুন বলেন, নদী আর চরবেষ্টিত সীমান্ত সংলগ্ন এই ইউনিয়ন দুর্গম হওয়ায় সেখানে সহজে পুলিশ যেতে পারে না। এই সুযোগে চোরাকারবারিরা ওই এলাকাকে তাদের ট্রানজিট হিসেবে ব্যবহার করে। ভারতীয় পণ্য উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।



