রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে নির্দিষ্ট কর্মপরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধ নিয়ন্ত্রণে কর্মপরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ শনিবার বলেছেন, রাজধানীসহ মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে সরকার একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়নের মাধ্যমে অপরাধীদের নির্মূল করা হবে।

আজ বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য কিছু পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিভাগীয় ব্যবস্থা গ্রহণে স্বচ্ছতা

বিভাগীয় ব্যবস্থা গ্রহণে সরকারের স্বচ্ছতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক গাজীপুর কমিশনার ড. নাজমুল করিম খানের সাময়িক বরখাস্তের বিষয়টি আইন ও বিভাগীয় বিধি অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানের প্রতি অপমান ও শারীরিক নির্যাতনের অভিযোগে সংশ্লিষ্ট কনস্টেবল, উপ-পরিদর্শক এবং ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোংলায় কোস্টগার্ডের ঘটনা

মোংলায় কোস্টগার্ড সদস্য ও স্থানীয়দের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় জলদস্যু দমনে কোস্টগার্ড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী কাজ করছে। চিহ্নিত দস্যু মিরাজের অনুসারীরা কোস্টগার্ডকে আক্রমণ করলে তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয় এবং সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

২৩ জুন নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের (যার কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ) প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশ সতর্কতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে তারা ওই দিন দেশে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে।'

জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে এবং যেকোনো নাশকতার চেষ্টা ব্যর্থ করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া খুব দ্রুত এগিয়ে চলছে।

'ইউএই ফেডারেল পুলিশ, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ৩০ দিন সময় দিলেও, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র তিন দিনের মধ্যে প্রয়োজনীয় সব নথি (১৪৪ পৃষ্ঠা) প্রস্তুত ও অনুবাদ করে কূটনৈতিক চ্যানেলে ইউএই সরকারের কাছে পাঠিয়েছে,' মন্ত্রী যোগ করেন।

আইনশৃঙ্খলায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় 'শাস্তি ও পুরস্কার' নীতি বাস্তবায়ন করছে। দায়িত্বে আন্তরিকতা ও সততা প্রদর্শনকারীদের পুরস্কৃত করার পাশাপাশি অবহেলা বা দুর্নীতিতে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।