গাজীপুরের কয়েকটি জায়গায় ‘টর্চার সেল’ গড়ে উঠেছে বলে জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় অভিযোগ তুলেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। পাশাপাশি এসব টর্চার সেলের নেপথ্যে কারা, তা খতিয়ে দেখতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৪ জুন) গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় তিনি এই অভিযোগ তুলেন। মুজিবুর রহমান বলেন, গাজীপুরের অন্তত ৩-৪টি জায়গায় বর্তমানে টর্চার সেল গড়ে উঠেছে। এটা আমাদের কাম্য নয়। কারা এসব সেল গড়ে তুলেছে তা খতিয়ে দেখার জন্য তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের আহ্বান জানান।
তিনি বলেন, এই অপকর্মে যদি সরকারদলীয় কোনো নেতাকর্মীও জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। এমপির এই অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এ ধরনের টর্চার সেলের সংস্কৃতি ছিল, কিন্তু বর্তমান নতুন সরকারের কাছে এসবের কোনো স্থান নেই। তিনি অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পুলিশ বিভাগকে নির্দেশ দেন।
জেলা প্রশাসক উদ্বেগ প্রকাশ করে বলেন, মহানগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সম্প্রতি চুরির ঘটনা ঘটেছে। মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবীসহ জেলা ও মহানগর পুলিশ এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



