স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাজনীতিবিদ ও প্রকৌশলীদের ভালো দিক মানুষের চোখে পড়ে না। তিনি শনিবার (১১ জুলাই) রাজধানীর এক সেমিনারে এ মন্তব্য করেন।
ইঞ্জিনিয়ারদের সাফল্য উপেক্ষিত
প্রতিমন্ত্রী বলেন, ‘ইঞ্জিনিয়ারদের বহু সফলতা আছে বাংলাদেশে। হাজারো সফলতার গল্প আছে, কিন্তু এই গল্প মানুষের নজরে পড়ে না। মানুষের নজরে পড়ে কার্পেটিং উঠে যাচ্ছে। সেটা একটা টিকটক বানিয়ে ছেড়ে দেয়। কোন সময় পর্যন্ত কার্পেটিংটা থাকবে, সেটেল হবে এটার সম্বন্ধে কিন্তু যে ওঠাচ্ছে তার ধারণা নাই। পলেস্তারা উঠিয়ে ফেলছে। উঠিয়ে ভিডিও করে ছাড়ছে। দুর্নাম হচ্ছে কার? ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের।’
প্রকল্প বাস্তবায়ন ও দায়িত্ব
মীর শাহে আলম বলেন, ‘হাজার-কোটি টাকা খরচ করে আমরা ভালো ভালো প্রকল্প নির্মাণ করছি। কিন্তু টুকটাক যেখানে প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলো মানুষের সামনে নিয়ে এসে ইঞ্জিনিয়ারদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে। যেটা আমাদের কারও জন্যই কাম্য নয়, এই বিষয় গুলো আমাদের নোটিশে নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘রিসার্চ করলে দীর্ঘমেয়াদী, প্রোগ্রাম করলে দীর্ঘ মেয়াদী করতে হবে। শর্টকাট করে কোন প্রোগ্রাম করলে আমাদের দেশে মানুষের কোন মঙ্গল করা যাবে না।’
দোষের বোঝা ইঞ্জিনিয়ারদের ওপর
প্রতিমন্ত্রী বলেন, ‘অনৈতিক কাজের সঙ্গে কম-বেশি সবাই জড়িত। দোষ হয় ইঞ্জিনিয়ারদের। একটা ডিপিপি প্রণয়ন, প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়ন, বিল থেকে শুরু করে সব কিছুর সঙ্গে কি ইঞ্জিনিয়ারের স্বাক্ষরেই বিল যায়? এর সঙ্গে ইউএনও থাকে, ডিসি থাকে। অন্য প্রজেক্ট হলে অন্যরা বা আমাদের মন্ত্রণালয়ের লোকজন জড়িত থাকে। সর্বশেষ দোষের দোষী হচ্ছে ইঞ্জিনিয়ার।’



