বরিশালে মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই পলাতক
মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজ পড়ার সময় ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। আজ রোববার জোহরের নামাজ চলাকালে উপজেলার আন্দারমানিক ইউনিয়নের আন্দারমানিক গ্রামের গোলেরহাট মসজিদে এ ঘটনা ঘটে। নিহত নজরুল সরদার (৩৫) আন্দারমানিক গ্রামের বাসিন্দা। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। প্রায় দুই মাস আগে দেশে ফেরেন। অভিযুক্ত বড় ভাই হারুন সরদার (৫০) ঘটনার পর থেকে পলাতক।

জমি বিরোধের তীব্রতা ও হামলা

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল সরদারের সঙ্গে তাঁর বড় ভাই হারুন সরদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। নজরুল দেশে ফেরার পর বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। আজ গোলেরহাট মসজিদে জোহরের নামাজ পড়ছিলেন নজরুল। এ সময় বড় ভাই হারুন সরদার ধারালো ছুরি নিয়ে মসজিদে প্রবেশ করেন। নজরুল সেজদায় যাওয়ার মুহূর্তে তাঁর ওপর প্রথম আঘাত করেন। পরে পরপর কয়েকটি কোপ দিলে তিনি গুরুতর আহত হন। মুসল্লিরা দ্রুত তাঁকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দেন। পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। নজরুলের লাশ শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

মুসল্লিদের প্রতিক্রিয়া ও পুলিশের পদক্ষেপ

স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, ঘটনার আকস্মিকতায় মসজিদে উপস্থিত মুসল্লিরা হতভম্ব হয়ে পড়েন। অধিকাংশ মুসল্লি বয়স্ক হওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধ করার সাহস বা সুযোগ পাননি। কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, “ঘটনার পর থেকে অভিযুক্ত হারুন সরদার পলাতক। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ