নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউট থেকে পরিচালিত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জরুরি সেবা কার্যক্রম বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এনআইডি সংশোধনে কেবল ‘ঘ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবে ইসি।
ইসির চিঠিতে বিস্তারিত নির্দেশনা
ইসির এনআইডি শাখার পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা যায়। ওই চিঠিতে বলা হয়েছে, ‘মহাপরিচালক পর্যায়ে নিস্পত্তিযোগ্য জাতীয় পরিচয়পত্র সংশোধনের ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ব্যতীত নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’, ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’
চিঠিতে আরও বলা হয়েছে, উল্লিখিত ক্যাটাগরির আবেদন নিস্পত্তির জন্য মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
মাঠপর্যায়ে দায়িত্ব বণ্টন
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ‘ক-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন সহকারী থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা। ‘ক’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা। ‘খ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা। ‘খ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন জেলা নির্বাচন কর্মকর্তা।
‘গ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। ‘গ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
অনলাইন আবেদন নীতিমালা
এছাড়া চিঠিতে আরও উল্লেখ করা হয়, অনলাইনে আবেদনযোগ্য আবেদনসমূহ হার্ডকপিতে গ্রহণ করা হবে না। ফলে নাগরিকদের অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে।



