ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৫৩৭ জন
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে চলতি জুন মাসের শুরু থেকে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জুনের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে মোট ১ হাজার ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে চাঁদাবাজ ও সন্ত্রাসী
ডিএমপি সূত্রে জানা গেছে, অভিযানে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। গ্রেফতার হওয়াদের মধ্যে ৫৪ জন চাঁদাবাজ রয়েছেন। তাদের মধ্যে একজন পুলিশি তালিকাভুক্ত এবং বাকি ৫৩ জন তালিকাবহির্ভূত। এছাড়া নগরের নিরাপত্তা বিঘ্নিতকারী সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাত চক্রের ৪৬৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে একই সময়ে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ ১ হাজার ২০ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযান অব্যাহত থাকবে
ডিএমপি সূত্রে আরও জানানো হয়, মহানগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত ঢাকা গড়ে তুলতে পুলিশের এ বিশেষ চিরুনি অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।



