মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার চন্দননগর এলাকায় একটি কবরস্থানসংলগ্ন ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্রীর (১৪) বাড়ি সিঙ্গাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নে। সে স্থানীয় সাহরাইল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
ঘটনার প্রেক্ষাপট
সিঙ্গাইর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিদ্যালয়ে টিফিন চলাকালে একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির এক ছাত্রের (১৬) সঙ্গে ওই ছাত্রীর আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর ওই দুই শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে মুচলেকা নেওয়া হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ উভয় শিক্ষার্থীকে স্থানান্তর সনদ (টিসি) দেয়।
নিখোঁজ ও লাশ উদ্ধার
পুলিশ জানায়, ওই দিনই ওই কিশোরী নিজের মুঠোফোন রেখে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় নিখোঁজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার চন্দননগর এলাকায় কবরস্থানের কাছে একটি ঝোপের মধ্যে তার অর্ধগলিত খণ্ডিত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। লাশের ওপরের অংশ একটি গাছের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল এবং পাশে কোমরের নিচের অংশ মাটিতে পড়ে ছিল। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের পদক্ষেপ
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য–উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।



