ডয়চে ভেলে বাংলা: ২৯ কোটি বাংলাভাষীর জন্য নিরপেক্ষ সংবাদ ও অনুষ্ঠান
ডয়চে ভেলে বাংলা: নিরপেক্ষ সংবাদ ২৯ কোটি দর্শকের জন্য

জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে ৩২টি ভাষায় সংবাদ প্রকাশ করে। দীর্ঘদিন ধরে মানসম্মত অনুষ্ঠান ও বিভিন্ন ভাষাভাষী পেশাদার সাংবাদিকদের কর্মতৎপরতার মধ্য দিয়ে বিশ্বজুড়ে সংবাদ পরিবেশনের জগতে আস্থা তৈরি করেছে তারা। বিশেষ করে ডয়চে ভেলে বাংলা সম্প্রতি ডিজিটাল মাধ্যমে ব্যতিক্রমী আধেয় (কনটেন্ট) তৈরি করে সবার নজরে এসেছে। ডয়চে ভেলের বৈশ্বিক নেটওয়ার্কে ৪ হাজার ৪০০–এর বেশি অংশীদার রয়েছে। এসব সংবাদমাধ্যম ও সম্প্রচারমাধ্যম বিশ্বজুড়ে ডয়চে ভেলের প্রতিবেদন, ভিডিও প্রতিবেদন, ছবি, অনুষ্ঠানসহ অন্যান্য আধেয় প্রচার করে।

১৯৭৫ সাল থেকে বাংলা বিভাগের কার্যক্রম

১৯৭৫ সাল থেকে ডয়চে ভেলে বাংলা সংবাদ পরিবেশন করে আসছে। ডয়চে ভেলে বাংলা বিভাগের মূল কার্যক্রম পরিচালিত হয় জার্মানির বন শহরে সংবাদমাধ্যমটির প্রধান কার্যালয় থেকে। ঢাকা, দিল্লি ও কলকাতা থেকে সংবাদ সংগ্রহ করে পাঠক ও দর্শকদের জন্য তুলে ধরা হয়। এ জন্য তাদের রয়েছে একঝাঁক উদ্যমী কর্মী। নবীন-প্রবীণের সমন্বয়ে গড়ে তোলা এই দলে বাংলাদেশ ও ভারত দুই দেশেরই সংবাদকর্মী রয়েছেন। জার্মানি, ইউরোপ ও দক্ষিণ এশিয়ার নানা চলতি বিষয়ের পাশাপাশি আবহমান বাংলার সাহিত্য ও সংস্কৃতি প্রাধান্য পায় ডয়চে ভেলের অনুষ্ঠানে।

বাংলাদেশের রাজনৈতিক ও সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা

বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময়গুলোতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে ডয়চে ভেলে বাংলা। সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সক্রিয় অবস্থান রেখে এসেছে তারা। বাংলাদেশের যেকোনো সংকটকালে সাধারণ মানুষের পক্ষে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিসেবে ডয়চে ভেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে বিশেষভাবে কাজ করেছে ইউরোপের এই সংবাদমাধ্যম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় গণমাধ্যমের সাথে অংশীদারত্ব

এই সাফল্যের ধারাবাহিকতায় ডয়চে ভেলের ডিস্ট্রিবিউশন এশিয়া টিম ২০২১ সাল থেকে বাংলাদেশে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। অল্প সময়ের মধ্যেই তারা বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলেছে। এর ফলে বৈচিত্র্যময় ভিডিও ও অনলাইন প্রতিবেদনের মাধ্যমে তারা তরুণ দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার দর্শকের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। স্থানীয় গণমাধ্যমের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্ব বজায় রেখে সংবাদ প্রতিবেদন, ভিডিও প্রতিবেদন তৈরি ও বিতরণ—সব ক্ষেত্রেই নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করেছে ডয়চে ভেলে।

প্রাসঙ্গিক ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গির প্রতিবেদন

জার্মানির এই সম্প্রচারমাধ্যম প্রতিবেদন বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় চাহিদাকে গুরুত্ব দেয়, যাতে সেগুলো দেশের দর্শকদের জন্য আরও প্রাসঙ্গিক হয়। বৈশ্বিক বিষয়গুলোতে ইউরোপের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয় ডয়চে ভেলের প্রতিবেদনে।

জনপ্রিয় অনুষ্ঠান ও প্রকল্প

ডয়চে ভেলে বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ও প্রকল্পের মধ্যে রয়েছে ‘অন্বেষণ’, ‘শিফট’, ‘ইনফোমাইগ্র্যান্টস’ ও ‘ইকো বাংলাদেশ’। যৌথ প্রকল্পগুলো ডয়চে ভেলের সহযোগিতামূলক প্রচেষ্টার অংশ। এসব অনুষ্ঠানের সঙ্গে বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম প্রথম আলো ছাড়াও ডেইলি স্টার, চ্যানেল আই, বাংলাভিশনসহ বিভিন্ন গণমাধ্যম যুক্ত রয়েছে। এ ছাড়া ডয়চে ভেলে ইংরেজি বিভাগ বাংলাদেশে এইচডি টেলিভিশনের মাধ্যমে শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে।

নিরপেক্ষ সংবাদ ও সচেতনতা সৃষ্টি

রাজনীতি ছাড়াও অর্থনীতি, অভিবাসন ও ক্ষতিকর সামাজিক চিন্তাভাবনাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সংবাদ প্রকাশ করছে ডয়চে ভেলে। নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে প্রকাশ করা এসব খবর মানুষের ব্যক্তি ও সামাজিক জীবনে প্রভাব ফেলছে। আরও অনেক আলোচিত বিষয়ে সংবাদ ও অনুষ্ঠান প্রায় ২৯ কোটি বাংলাভাষীর কাছে পৌঁছে দিচ্ছে ডয়চে ভেলে বাংলা।