খুলনা জেলা কারাগার (পুরাতন) থেকে দেয়াল টপকে ইমন মাঝি (৩০) নামে এক হাজতি পালিয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে কারাগারের পূর্ব পাশের দেয়াল ডিঙিয়ে সে পালিয়ে যায়।
ঘটনার বিবরণ
কারাগার সূত্র জানায়, নগরীর সোনাডাঙ্গা থানার একটি চুরি মামলার আসামি ইমন মাঝি গত ১৩ জুন থেকে খুলনা জেলা কারাগারে (পুরাতন) বন্দি রয়েছেন। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে ইমন মাঝিসহ কয়েকজন হাজতি পুরুষ ওয়ার্ডের মধ্যে দাঁড়িয়ে কথা বলছিল। এক ফাঁকে ইমন মাঝি লাফিয়ে মহিলা ওয়ার্ডের বাথরুমের কাছে গিয়ে পড়ে। পরে সে ওই বাথরুমের পাইপ বেয়ে কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যায়।
প্রতিক্রিয়া
ঘটনাটি টের পাওয়ার পর কারাগার থেকে পাগলা ঘণ্টা বাজানো হয়। খুলনা জেলা কারাগারের সুপার আবু সায়েম বলেন, কারাগার থেকে হাজতি পালিয়ে যাওয়ার ঘটনাটি র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত ও ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাকে গ্রেপ্তারে জোর চেষ্টা করা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।
পলাতকের পরিচয়
পলাতক ইমন মাঝি নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলার জিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল মাঝির ছেলে। কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসনের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।



