ভোলার লালমোহনে একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক্টর খালে পড়ে চালক নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাক্টরের হেলপারও আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা ও রমাগঞ্জ ইউনিয়নের আজাহার রোডসংলগ্ন বেতুয়া খালের ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতের পরিচয়
নিহত চালকের নাম নাইম হোসেন জয় (২২)। তিনি চতলা ৪নং ওয়ার্ডের মো. ফরিদের ছেলে। আহত হেলপারের নাম আল-আমিন (১২)। তিনি একই এলাকার মো. ভুট্টুর ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালিয়ে তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাইম হোসেন জয়কে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিবরণ
জানা গেছে, দুপুরের দিকে ট্রাকচালক নাইম হোসেন জয় হেলপার আল-আমিনকে নিয়ে চতলা বাজার থেকে বালুবোঝাই করে চরমোল্লাজী গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে আজাহার রোডের পূর্ব মাথায় বেতুয়া খালের ব্রিজে ওঠার সময় ব্রিজটি ভেঙে পড়ে এবং ট্রাক্টরটি খালে পড়ে যায়। এ সময় চালক ও হেলপার ট্রাক্টরের ভেতর আটকা পড়েন।
পুলিশের বক্তব্য
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত চালকের লাশের সুরতহাল করেছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।



