রাঙামাটির বরকল উপজেলায় নিজ বাড়ি থেকে আয়েশা বেগম (৪৮) নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সুবলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরুণাছড়ি ইসলামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আয়েশা ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।
লাশ উদ্ধারের ঘটনা
আয়েশা বেগমের ছেলে আশরাফ আলী জানান, রোববার সকালে তিনি ও তার বাবা গাছ চেরাই করতে এলাকার একটি করাতকলে গিয়েছিলেন। ঘরে একাই ছিলেন তার মা। সন্ধ্যায় ফিরে ঘরের বাতি জ্বালাতেই দেখেন, তার মায়ের লাশ মেঝেতে পড়ে রয়েছে। ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করায় মায়ের মাথা রক্তাক্ত হয়ে আছে।
আশরাফ আরও বলেন, তার মায়ের রক্তাক্ত লাশের পাশে ইট ও হাতুড়ি পড়ে থাকতে দেখা যায়। ঘরের আলমারিও ছিল ভাঙা। আলমারির ভেতরে রাখা গরু বিক্রির তিন লাখ টাকাও খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় প্রতিনিধির বক্তব্য
সুবলং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সারা দিন ওই নারী বাড়িতে একা ছিলেন। স্বামী ও ছেলে সন্ধ্যার পর ঘরে ফিরে ওই নারীর লাশ দেখতে পান। এরপর পুলিশকে বিষয়টি জানানো হয়।’
পুলিশের পদক্ষেপ
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করছে। নিহত নারীর মাথা ও কপালে ভারী কোনো বস্তুর আঘাত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



