পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার
ভোলা সদর উপজেলায় চানাচুরের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শাহ জামালকে বান্দরবান থেকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বান্দরবান জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণ
গত ১৬ জুন দুপুরে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরকালি গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত শাহ জামাল ওই গ্রামের কাঞ্চনের ছেলে।
র্যাবের বিবৃতি
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মেজর রওনক জাহান শুভ বলেন, “এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার দিনই র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের একটি দল ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে।”
গ্রেফতার অভিযান
দীর্ঘ নিবিড় তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর র্যাব-৮ ভোলা ক্যাম্প এবং চট্টগ্রামের র্যাব-১৫ এর যৌথ অভিযানে এজাহারনামীয় ১ নম্বর আসামি শাহ জামালকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



