২০২১ সালে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার স্বাক্ষরিত শ্রম সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) পুনর্বিবেচনা করে একটি নতুন খসড়া প্রস্তুত করতে সম্মত হয়েছে উভয় দেশ। সোমবার (২১ জুন) মালয়েশিয়ার পুত্রজোয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা
যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, বৈঠকে দুই দেশের নেতারা জনগণের মধ্যে যোগাযোগের গুরুত্ব স্বীকার করেন এবং মালয়েশিয়ার উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানকে স্বাগত জানান। তারা আরও উল্লেখ করেন যে, মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিময় এবং অভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদারে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা
শ্রমিক নিয়োগের বিষয়ে বাংলাদেশের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে মালয়েশিয়া বলেও যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, উভয় দেশই অভিজ্ঞ এবং গ্রহণযোগ্য রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, সুষ্ঠু, বৈষম্যহীন এবং প্রতিযোগিতামূলক করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিরাপদ ও পারস্পরিক সুবিধাজনক অভিবাসন নিশ্চিত করতে উভয় দেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে সম্মত হয়েছে। এই বৈঠকে বিদ্যমান এমওইউ মূল্যায়ন এবং উভয় দেশের বর্তমান চাহিদা পূরণের জন্য একটি নতুন, আপডেট করা সমঝোতা স্মারকের খসড়া তৈরির ভিত্তি নির্ধারণের ওপর জোর দেওয়া হবে।



