পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (১১ মে) নবান্নে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। সভায় সরকারি চাকরির আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়ানো, সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য বিএসএফ-কে জমি হস্তান্তর এবং কেন্দ্রীয় প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার এই তথ্য জানিয়েছে।
অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপ
ভোটের প্রচারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে মন্ত্রিসভা। সীমান্তে কাঁটাতার স্থাপনের কাজের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে প্রয়োজনীয় জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে, তাই বিএসএফ-কে জমি হস্তান্তরের বিষয়ে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই জমি নিয়ে আগের রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছিল।
কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণে বয়সসীমা বৃদ্ধি
রাজ্যে কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণে মুখ্যমন্ত্রী জানান, ২০১৫ সালের পর বড় কোনো নিয়োগ না হওয়ায় অনেক শিক্ষিত যুবক-যুবতীর আবেদনের বয়স পেরিয়ে গিয়েছে। তাদের কথা মাথায় রেখেই চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গকে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএমশ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে সক্রিয়ভাবে চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
জনগণনা ফাইল কার্যকর
গত এক বছর ধরে আটকে থাকা জনগণনা ফাইলকে কার্যকরের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। শুভেন্দুর অভিযোগ, আগের সরকার মহিলা সংরক্ষণ রুখতে এই ফাইল আটকে রেখে দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
সোমবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা।



