পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে বড় সিদ্ধান্ত
পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার প্রথম বৈঠকে বড় সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গের নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়ানো হয়েছে। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্প চালু, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফকে জমি হস্তান্তর এবং জনসংখ্যা গণনার কাজ শুরুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে এই বৈঠকে।

বয়সসীমা বাড়ানোর কারণ

বয়সসীমা বাড়ানোর পেছনের কারণ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৫ সালের পর রাজ্যে উল্লেখযোগ্য নিয়োগ না হওয়ায় অনেক শিক্ষিত তরুণ-তরুণীর আবেদনের বয়স পেরিয়ে গেছে। নির্বাচনী প্রচারের সময় স্বরাষ্ট্রমন্ত্রী রায়দীঘি থেকে এই বঞ্চিত যুবকদের কথা বিবেচনা করে বয়সসীমা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই মন্ত্রিসভা এই সিদ্ধান্ত মঞ্জুর করেছে।

সীমান্ত সুরক্ষা ও জমি হস্তান্তর

সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'বিএসএফ যতটা জমি চেয়েছে, আমরা ততটাই দেব। পূর্বতন সরকারের অনীহা ও অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার মানসিকতার কারণে ভূমি দপ্তরকে কাজ করতে দেওয়া হয়নি। এমনকি উচ্চ আদালতের নির্দেশও অমান্য করা হয়েছে। আমরা আজ থেকেই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছি।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আগামী বৈঠকের সম্ভাব্য সিদ্ধান্ত

মুখ্যমন্ত্রী জানান, আগামী সোমবার (১৮ মে) পরবর্তী মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার, নারী নির্যাতন রোধ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন, নতুন পে-কমিশন গঠন এবং বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ