রাজবাড়ীর গোয়ালন্দে এক সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৪) ঘুরতে নেওয়ার কথা বলে কথিত প্রেমিকসহ দুই বন্ধু মিলে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসী নাহিদুল ইসলাম নাফিজ (২০) নামের এক অভিযুক্ত তরুণকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
ঘটনার বিবরণ
শনিবার (৯ মে) রাত ১০টার দিকে ভুক্তভোগী কিশোরীকে তার বাড়ি থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে দুই বন্ধু দূরের একটি ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানে তারা পালাক্রমে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রোববার (১০ মে) দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই বন্ধুর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার অপর আসামি রায়হান শেখ (২০) পলাতক রয়েছে।
ভুক্তভোগীর বক্তব্য
ভুক্তভোগী কিশোরী জানায়, রায়হানের সঙ্গে তার দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। শনিবার রাতে তাকে ঘুরতে যাওয়ার কথা বলে মাঠে নিয়ে যায় রায়হান ও তার বন্ধু নাহিদুল। সেখানে তারা মদ ও ওষুধ সেবন করে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে রাত ১২টার দিকে তাকে বাড়ির সামনে নামিয়ে দিলে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে নাহিদুলকে আটক করে।
আটক অভিযুক্তের দাবি
আটক নাহিদুল ইসলাম দাবি করে, তার বন্ধু রায়হানই প্রেমিকাকে ধর্ষণ করে। পরে তাকে ডাকলে তিনি ধর্ষণের চেষ্টা করলেও ধর্ষণ করেননি বলে জানান।
পুলিশের পদক্ষেপ
গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম বলেন, কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষা এবং গ্রেফতারকৃত তরুণকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



