মাদারীপুরের রাজৈর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পিটুনিতে রহিম সরদার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১০ মে) রাতে এই ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম।
ঘটনার বিবরণ
এর আগে শনিবার রাত আনুমানিক ৭টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম সরদার কৃষ্ণপুর গ্রামের মৃত সোহরাব সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকায় ভ্যানে করে পোলাও চাল বিক্রির ব্যবসা করতেন রহিম সরদার। পাওনা টাকা লেনদেনকে কেন্দ্র করে একই গ্রামের আসাদ বেপারী (৫০) ও তার ছেলে দিদার বেপারীর (৩০) সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। প্রতিপক্ষের মারধরে রহিম সরদার গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
মৃত্যু ও মামলা
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নিহতের স্ত্রী মাকসুদা বেগম রোববার বিকেলে আসাদ বেপারীসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে এই হত্যা ঘটনার ঘটেছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



