শাপলা চত্বর হত্যা মামলায় দীপু মনিসহ তিনজনকে হাজিরার নির্দেশ
শাপলা চত্বর হত্যা মামলায় দীপু মনিসহ তিনজনকে হাজিরার নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে হাজির করতে নির্দেশ দিয়েছেন।

ট্রাইব্যুনালের আদেশ

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদেশে বলা হয়, আগামী ১৪ মে তাঁদের এই ট্রাইব্যুনালে হাজির হতে হবে।

দীপু মনি, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা ইতিমধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই তিনজনকে হাজির করতে বলেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রসিকিউশনের বক্তব্য

ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ের ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তাঁরা যেহেতু হেফাজতে আছেন, তাঁদের প্রোডাকশন চাওয়া হয়েছে। আগামী তারিখে হয়তো এই মামলা তাঁদের গ্রেপ্তার দেখানো হবে। সেখান থেকে তাঁদের সেফ হোমে নিয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হবে এই মামলার স্বার্থে।

আগামী ৭ জুন এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য আছে।

মামলার অন্যান্য আসামি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, হাসান মাহমুদ খন্দকার ও বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম প্রমুখ এই মামলার আসামি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হত্যাকাণ্ডের সংখ্যা

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালের মে মাসে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে এখন পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে ৫৮ জনের হত্যাকাণ্ডের শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, এই ৫৮ জনের পরিচয় তাঁরা শনাক্ত করতে পেরেছেন।