প্রতিবন্ধীদের জন্য র্যাম্প স্থাপনে হাইকোর্টের রুল জারি
প্রতিবন্ধীদের জন্য র্যাম্প স্থাপনে হাইকোর্টের রুল

ভবন নির্মাণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৬৪ ও তৎসংলগ্ন পরিশিষ্ট-২ অনুসারে প্রতিবন্ধী ব্যক্তিদের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার রক্ষার জন্য সব সরকারি প্রতিষ্ঠানে চলাচলের সুবিধার্থে র‍্যাম্প স্থাপন করার নির্দেশনা কেন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৫ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আইন মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব, স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে দায়ের করা রিটের শুনানি নিয়ে আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফাহমিদা আখতার। পরে রিটকারী আইনজীবী জানান, রুলে ভবন নির্মাণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৬৪ ও তৎসংলগ্ন পরিশিষ্ট-২ এবং প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর ধারা ৩৪ মেনে চলতে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

একই সঙ্গে পরিকল্পনা অনুমোদনের পূর্বে, প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর ধারা ৩৪-এর অর্থানুযায়ী সব সরকারি প্রতিষ্ঠানের ভবন পরিকল্পনায় প্রবেশগম্যতা র‍্যাম্প অন্তর্ভুক্ত করা নিশ্চিত করার জন্য রাজউককে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশনা দেওয়া হবে না, এই বিষয়েও রুলে জানতে চাওয়া হয়েছে।

এর আগে গত ২০ এপ্রিল সকল সরকারি ও বেসরকারি স্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে র‍্যাম্প স্থাপন বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ