নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (৫ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
মমতা পদত্যাগ না করলে পশ্চিমবঙ্গে কী ঘটবে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পদত্যাগ করবেন না’ বলে দেওয়া ঘোষণা রাজ্যে এক নতুন রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যেখানে তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসন পেয়ে অনেক ব্যবধানে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। এমন পরিস্থিতিতে নির্বাচনি ফলাফল ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, রাজ্যে নতুন সরকার গঠন প্রক্রিয়া। এই সংকটের মূলে একটি সাধারণ প্রশ্ন দেখা দিয়েছে, জনমত হারানোর পরও কি একজন মুখ্যমন্ত্রী তার পদে বহাল থাকতে পারেন?
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
রজনীকান্ত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে বিজয়–কে তার রাজনৈতিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সরাসরি দেখা করে নয়, অনলাইন পোস্টের মাধ্যমেই তিনি এই বার্তা দেন। তার পোস্টে রজনীকান্ত লেখেন—“তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয় এবং তার দলের সদস্যদের সাম্প্রতিক সাফল্যের জন্য আমার আন্তরিক অভিনন্দন।”
গভীর কূপ খনন শুরু, মিলতে পারে বিপুল পরিমাণ গ্যাস
দেশের জ্বালানি সংকটের মধ্যে নতুন আশার আলো দেখাচ্ছে গভীর কূপ খনন কাজ। প্রাথমিকভাবে দেশের চারটি গ্যাসক্ষেত্রের চারটি কূপে এই খনন কাজ চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কূপে গ্যাসের সম্ভাব্য মজুত দেড় থেকে দুই ট্রিলিয়ন ঘনফুট হতে পারে।
সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের ‘গলায় দড়ি’ বেঁধে স্টল
টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মেলার স্টল নির্মাণের ঘটনা ঘটেছে। রবিবার (৩ মে) রাতে মেলার শেষ দিনে ভাস্কর্যের গলায় দড়ি বাঁধা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর ছবিটি শেয়ার করে অনেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
ইসলামি ব্যাংকগুলো নিয়ে অনিশ্চয়তা, টাকা রাখবেন কোথায়?
ইসলামি ধারার ব্যাংকগুলোকে ঘিরে সাম্প্রতিক অনিশ্চয়তায় কমেছে গ্রাহকদের আস্থা। এমন প্রেক্ষাপটে নিরাপদ সঞ্চয় এবং বিনিয়োগের বিকল্প খোঁজ অনেক আমানতকারীর কাছে জরুরি হয়ে উঠেছে। বিশেষ করে কয়েকটি ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত কাঠামো গঠনের পর গ্রাহকদের মধ্যে টাকা জমা রাখা, উত্তোলন ও ভবিষ্যতে অর্থ ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। এই পরিস্থিতিতে ঝুঁকি কম, মুনাফা গ্রহণযোগ্য এবং লেনদেন সহজ—এমন বিনিয়োগ মাধ্যম নিয়ে নতুন করে ভাবছেন আমানতকারীরা।
তোফায়েল আহমেদের বিরুদ্ধে পরোয়ানা, আইনজীবী জানালেন স্মৃতিশক্তি নেই
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে ১ কোটি ২৫ লাখ টাকা অর্থ আত্মসাতের মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ দুই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।



