সুনামগঞ্জের দোয়ারাবাজারে শ্বশুরবাড়িতে বাতির মিয়া (৪৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের মামনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক স্ত্রী ও শাশুড়ি
ঘটনায় পুলিশ বাতির মিয়ার স্ত্রী রুমানা আক্তার (২৫) ও তার শাশুড়ি খাইরুন নেছাকে (৫৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহত বাতির মিয়া একই ইউনিয়নের গুজাউরা গ্রামের ফুরমত আলীর ছেলে। তার স্ত্রী রুমানা আক্তার মামনপুর গ্রামের আনফর আলীর মেয়ে। বিয়ের পর থেকেই দীর্ঘদিন ধরে স্ত্রী রুমানাকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন বাতির। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পারিবারিক বিরোধ ও ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কিছুদিন ধরে বাতির মিয়া ও তার স্ত্রী রুমানা আক্তারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার মোবাইল ফোনে ইন্টারনেট ডাটা রিচার্জ করাকে কেন্দ্র করে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। রোববার সকালেও এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে নিজের গলায় ওড়না পেঁচিয়ে বাতির মিয়া শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে দাবি করেছেন তার স্ত্রী রুমানা আক্তার।
পুলিশের তদন্ত
দোয়ারাবাজার থানার ওসি তারিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে তিনি জানান।



