নেত্রকোনার দুর্গাপুরে দীর্ঘ ২৬ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালানো সুজিত সরকার ও তার ছেলের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে সুজিতের দুঃখের সংবাদ দেখে তিনি এগিয়ে আসেন।
সুজিতের সংগ্রামী জীবন
সুজিত সরকার সংবাদ ও সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা রেখে দীর্ঘ ২৬ বছর ধরে পত্রিকা বিক্রি করছেন। সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা থাকলেও তিনি কারো কাছে হাত পাতেননি। পত্রিকা বিক্রি করেই স্ত্রী ও তিন সন্তানের ভরণ-পোষণ করছেন। বড় ছেলে প্রতিবন্ধী, মেঝো ছেলে নীরব সরকার দশম শ্রেণির শিক্ষার্থী। অভাবের কারণে ছেলেকে নতুন বই কিনে দিতে পারেননি সুজিত। পুরাতন বই ও সহপাঠীদের কাছ থেকে বই ধার করে পড়াশোনা করে নীরব। এক মেয়ে প্রথম শ্রেণিতে পড়ে, তার স্কুলড্রেসও বানাতে পারেননি তিনি।
বৃষ্টিতে ভিজে পত্রিকা বিতরণ
বর্ষার দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত বৃষ্টিতে ভিজেই গ্রাহকদের কাছে পত্রিকা বিলিয়ে যান সুজিত। একটি রেইনকোর্ট কেনার সামর্থ্যও নেই তার। বৃষ্টিতে ভেজার কারণে মাঝেমধ্যেই শরীর খারাপ হয়ে যায়। সংসারের কথা ভেবে খারাপ শরীর ও জং ধরা সাইকেল নিয়েই পত্রিকা বিক্রির কাজে বেরিয়ে পড়েন তিনি।
ডেপুটি স্পিকারের সহায়তা
সুজিতের দুঃখের সংবাদ দেখে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার খোঁজ নেন। তিনি ছেলের নতুন বই কেনাসহ এক বছরের পড়াশোনার খরচ, একটি নতুন সাইকেল ও সংসারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনে দেন। শনিবার (২ মে) দুপুরে দুর্গাপুর প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকদের উপস্থিতিতে এসব উপহার তুলে দেওয়া হয়।
এ সময় দুর্গাপুর প্রেস ক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, এস এম রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ৭১ টেলিভেশনের প্রতিনিধি রাজেশ গৌড়, সাংবাদিক দিলোয়ার হোসেন তালুকদার, আল নোমান শান্ত, আবিদ হাসান বাপ্পি, শাহীন মিয়াসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সুজিতের কৃতজ্ঞতা
পত্রিকা হকার সুজিত সরকার বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে একটি পুরাতন সাইকেল দিয়ে পত্রিকা বিক্রি করে সংসার চালাচ্ছি। নিম্ন-আয়ের মাধ্যমে কোনো রকম খেয়ে-না খেয়ে সংসার চালিয়ে যাচ্ছি। টাকার অভাবে ছেলেমেয়ের পড়াশোনার খরচ জোগাতে পারছি না। পুরাতন বই ও বন্ধুদের কাছ থেকে বই ধার করে পড়াশোনা করছে আমার ছেলে নীরব। আমার এ দৈন্যতার কথা শুনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আমাকে এ সহায়তা করার জন্য আমি তার প্রতি চিরকৃতজ্ঞ।



