ফরিদপুরে হত্যা, বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক
ফরিদপুরে হত্যা, বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় শোক জামায়াতের

ফরিদপুরে তিন জনকে কুপিয়ে হত্যা, সারা দেশে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নাগরিকদের প্রাণহানির ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। মঙ্গলবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই উদ্বেগ ও শোক প্রকাশ করেন তিনি।

ফরিদপুরের ঘটনায় নিন্দা

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ফরিদপুরে সদরের আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের কোদালের কোপে নিজের দাদি, ফুপু ও এক প্রতিবেশী নৃশংসভাবে নিহত হওয়ার ঘটনা খুবই উদ্বেগজনক ও ভয়ংকর। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি, এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ। হত্যার সঙ্গে জড়িত যুবককে পুলিশ গ্রেফতার করলেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতে হবে।”

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি

তিনি আরও বলেন, “কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুই যুবক, নোয়াখালীর কবিরহাটে সড়ক দুর্ঘটনায় এক যুবক এবং চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় তিন বৌদ্ধ সন্ন্যাসী নিহতের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক। সারা দেশে সড়কে প্রাণহানির ঘটনাগুলো সড়কে অব্যবস্থাপনার চিত্রকে তুলে ধরছে। সরকারকে দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদের ক্ষতি রোধে গাড়ির ফিটনেস পরীক্ষাসহ অবৈধ যানচলাচ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই। একই সঙ্গে প্রতিটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছি।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বজ্রপাতে মৃত্যু

তিনি বলেন, “মৌসুমি ঝড় ও আকস্মিক বজ্রপাতে নোয়াখালীর তিন উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজন এবং কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের চৌফলদন্ডী ব্রিজ এলাকায় একজন নিহত হয়েছেন, যা খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। প্রাকৃতিক দুর্যোগে এসব প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরকারের প্রতি আহ্বান

অ্যাডভোকেট জুবায়ের বলেন, “প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা ও হত্যাকাণ্ডে এসব মৃত্যু পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি। এজন্য ভুক্তভোগী পরিবারগুলোকে মানবিক সহায়তা, ন্যায়বিচার নিশ্চিত এবং ঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নিতে হবে।”