পবিত্র ওমরাহ পালনে যেতে বাধা দেওয়ার অভিযোগে এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বাসিন্দা ফাতেমা বেগমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান (মামুন) এই রিট দায়ের করেন।
রিটের বিবরণ
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওসিকে (ইমিগ্রেশন) বিবাদী করা হয়েছে। রিট পিটিশনে উল্লেখ করা হয়, বাংলাদেশের সংবিধানের ৩৬ ও ৪১ অনুচ্ছেদ অনুযায়ী চলাফেরা ও ধর্মচর্চার অধিকার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।
ফাতেমা বেগম একজন বয়োজ্যেষ্ঠ ধর্মপ্রাণ নারী। জীবনের শেষ সময়ে মক্কা ও মদিনা জিয়ারতের স্বপ্ন নিয়ে তিনি বিমানবন্দরে উপস্থিত হন। কিন্তু ইমিগ্রেশন কর্মকর্তাদের অবিবেচক আচরণে তার সেই স্বপ্ন ভেঙে যায়। বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও কোনো কারণ ছাড়াই তাকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়।
ক্ষতিপূরণের দাবি
রিটে বলা হয়, এই ঘটনা একটি সাংবিধানিক টর্ট বা অন্যায়। বাদীর অপূরণীয় মানসিক ক্ষতির জন্য বিবাদীদের এক কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া তাৎক্ষণিক আর্থিক ও মানসিক ক্ষতি লাঘবে জরুরি ভিত্তিতে ১০ লাখ টাকা অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ প্রদানের আরজি জানানো হয়েছে।
আইনজীবী জানিয়েছেন, রিটটি শিগগির হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানি হবে।



