নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতাভুক্ত করার প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে মন্ত্রিসভার পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাঁচটি এজেন্ডা ছিল। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাবগুলোর ওপর আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পূর্বাচলকে ডিএনসিসি ও ডিএমপির আওতায় আনার কারণ
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা তিনটি জেলার অন্তর্ভুক্ত হওয়ায় প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের কার্যক্রম অপর্যাপ্ত এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাগরিক সেবাসমূহের প্রাপ্যতা নিশ্চিত করা যাচ্ছে না। এছাড়া, প্রকল্প এলাকা ঢাকা সিটি করপোরেশনভুক্ত না হওয়ায় ওয়াসার সেবা পাওয়া সম্ভব হচ্ছে না।
এসব সমস্যা সমাধান এবং টেকসই নগর ব্যবস্থাপনার মাধ্যমে এলাকাটিকে বসবাসের উপযোগী করতে পূর্বাচলকে ডিএনসিসি আওতায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। এর ফলে ওই এলাকার বাসিন্দারা জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ও ড্রেন নির্মাণ বা সংস্কার, সড়কবাতি রক্ষণাবেক্ষণ এবং মশক নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় নাগরিক সেবা সহজেই পাবেন।
একইসঙ্গে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বসবাসকারী নাগরিকদের জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ কার্যক্রম নিশ্চিতে প্রকল্প এলাকা ডিএমপির আওতাভুক্ত করা প্রয়োজন। পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার কার্যকর, সুষ্ঠু পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য ঢাকা ওয়াসার অধিক্ষেত্রাধীন করা আবশ্যক।
উপজেলা সংযুক্তির যৌক্তিকতা
পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নাগরিক সুবিধাদি সম্প্রসারণের লক্ষ্যে এবং সুষ্ঠু প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনার স্বার্থে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রকল্পের অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা যৌক্তিক বলে মত প্রকাশ করা হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই প্রস্তাবগুলো মন্ত্রিসভা নীতিগত অনুমোদন করেছে।
চা দিবসের তারিখ সংশোধন
মন্ত্রিসভার পঞ্চম বৈঠকে চা দিবসের তারিখ সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রস্তাবটি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ২০২০ সাল হতে প্রতি বছরে ২১ মে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করছে। চা উৎপাদনকারী বেশ কিছু দেশ এই তারিখেই দিবসটি পালন করে থাকে। আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালন করা উচিত। এ সংক্রান্ত পরিপত্র সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন করা হয়েছে।
বিএসইসি আইন পরিবর্তন
মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের বয়স সংক্রান্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫ এর উপ-ধারা (৬) এর শর্ত বিলুপ্তকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া। এই প্রস্তাবটি দিয়েছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া লেজিসলেটিভ সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫ এর উপ-ধারা (৬) এ কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে তাদের বয়সের সর্বোচ্চ সীমা ৬৫ বছর নির্ধারণ করা হয়েছে।
কমিশনের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর নির্ধারিত থাকায় পুঁজিবাজার খাতে দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে চেয়ারম্যান ও কমিশনার হিসেবে নিয়োগের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হয়। এ কারণে চেয়ারম্যান ও কমিশনার পদের নিয়োগ যোগ্যতার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত শর্তটি জনস্বার্থে বিলুপ্ত করার উদ্দেশে বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইনে পরিবর্তন
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের বয়স সংক্রান্ত ‘বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০’ এর ধারা ৭ এর উপ-ধারা (৩) এর দফা (ছ) বিলুপ্তকরণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই প্রস্তাবনা দিয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬ এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৭ এর উপ-ধারা (৩) এর দফা (ছ) এ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষেত্রে তাহাদের বয়সের সর্বোচ্চ সীমা ৬৭ বছর নির্ধারণ করা হয়েছে।
কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত থাকায় বিমা খাতে দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে চেয়ারম্যান ও সদস্য হিসেবে নিয়োগের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হয়। এ কারণে চেয়ারম্যান ও সদস্য পদের নিয়োগ যোগ্যতার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত দফাটি জনস্বার্থে বিলুপ্ত করার উদ্দেশে বিদ্যমান আইনের সংশোধন প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানি বাতিল
সংসদ সদস্যরা বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারতেন। কিন্তু, মন্ত্রিসভার পঞ্চম বৈঠকে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগটি বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে এমপিরা আর বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ সদস্যদের পারিতোষিক ও ভাতাদি ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রিমুনেশন অ্যান্ড আলাউন্স) অর্ডার, ১৯৭৩’ অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। সেই অর্ডারের আর্টিকেল ৩ (সি) এর বিধান অনুযায়ী, সংসদ সদস্যগণ শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা ভোগ করে থাকেন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করার জন্য ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রিমুনেশন অ্যান্ড আলাউন্স) (আমেডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ এর খসড়া মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।



