আমির হামজাকে আরেকটি লিগ্যাল নোটিশ, বীর মুক্তিযোদ্ধাকে অশালীন মন্তব্যের জের
আমির হামজাকে আরেকটি লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা আমির হামজাকে আবারও লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য-সচিব মো. আই ইয়াশ ইমনের আবেদনের ভিত্তিতে এই নোটিশ জারি করেন আইনজীবী মো. নূরুল ইসলাম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করার জেরে এ উকিল নোটিশ দেয়া হয়।

নোটিশের বিবরণ

নোটিশে উল্লেখ করা হয়, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। পাশাপাশি তিনি রাষ্ট্রের একজন সম্মানিত ব্যক্তি। মুফতি আমির হামজা সম্প্রতি এক বক্তব্যে ফজলুর রহমানকে 'ফজু পাগলা' নামে আখ্যায়িত করেন। তাকে পাবনার মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলেন আমির হামজা। এছাড়া ফজলুর রহমানকে কুকুর মারার ইনজেকশন দেয়ার কথাও উল্লেখ করেন জামায়াত দলীয় এই সংসদ সদস্য।

আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি

আইনজীবীর নোটিশে বলা হয়েছে, দেশ ও জাতির কাছে ফজলুর রহমানকে হেও প্রতিপন্ন করার জন্য সুপরিকল্পিতভাবে এমন বক্তব্য দিয়েছেন আমির হামজা। এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ফজলুর রহমানের সম্মানহানি করা হয়েছে। এসব বক্তব্যের কারণে ফজলুর রহমান সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এর দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী ঘটনা

উল্লেখ্য, এর আগেও অশালীন বক্তব্য দেয়ার অভিযোগে মুফতি আমির হামজাকে দুটি উকিল নোটিশ দেয়া হয়। এছাড়া জ্বালানি মন্ত্রীকে নিয়ে দেয়া বক্তব্যের জেরে আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ