বগুড়ায় মদপানের পর বান্ধবীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩
বগুড়ায় মদপানের পর বান্ধবীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

বগুড়ায় মদপানের পর এক বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে নির্যাতনের শিকার ওই তরুণী সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। এর আগে রোববার রাতে মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা

গ্রেপ্তাররা হলেন- বগুড়া মহানগরীর ফুলবাড়ি দক্ষিণ হাজীপাড়ার রায়হানের ছেলে মো. কাওসার (১৯), ফুলবাড়ি দক্ষিণপাড়ার মৃত হাতেম আলী পাইকারের ছেলে বাঁধন পাইকার (১৯) ও উত্তর কাটনারপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে মো. রকি (১৯)।

ঘটনার বিবরণ

পুলিশ ও মামলা সূত্র জানায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে আসামিদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। ওই তরুণী রোববার রাত ৮টার দিকে মহানগরীর পুলিশ প্লাজার ৭ম লেভেলে ‘লাক জোন’ নামক দোকানে যান। সেখানে আগে থেকেই কাওসার, বাঁধন, সাদিক ও অপর একজন ছিলেন। তারা সবাই মদপানের পরিকল্পনা করেন। পরে একটি হোটেল থেকে মদ সংগ্রহ করেন। এরপর রাত সোয়া ১০টার দিকে মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন শ্মশান ঘাট রাস্তার পাশে নির্মাণাধীন বাড়িতে যান। সেখানে রনি তাদের সঙ্গে যোগ দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ধর্ষণের ঘটনা

মদপানের একপর্যায়ে অভিযুক্তরা পালাক্রমে তরুণীকে ধর্ষণ করেন। পরে অভিযুক্ত বাঁধন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় শিববাটির বিগবাজার এলাকায় পৌঁছেন। তখন ওই তরুণী চিৎকার করে পথচারীদের সহযোগিতা চান। এ সময় বাঁধন পালিয়ে যায়। খবর পেয়ে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ এসে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও গ্রেপ্তার

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ধর্ষণের শিকার ওই তরুণী সোমবার সকালে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীকে হাসপাতালে পাঠানো হয়েছে।