ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একই গ্রামের এক কিশোরকে আটক করা হয়েছে।
ঘটনার বিবরণ
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টার দিকে উপজেলার ভরনিয়া ইউনিয়নের আনসারডাঙ্গী গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লামিয়া ওই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ১১টার দিকে লামিয়া বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে সে সেখান থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এমনকি লামিয়ার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করাও হয়। তাতেও ওইদিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মরদেহ উদ্ধার ও গ্রেপ্তার
পরদিন সকালে গ্রামবাসী গ্রামের পাশের একটি ভুট্টাক্ষেতে লামিয়ার মরদেহ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত কিশোরকে তার বাড়িতে আটকে রাখে।
ওসি আমানুল্লাহ আল বারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক কিশোরের স্বীকারোক্তি অনুসারে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



