নড়াইলের লোহাগড়ায় বসতঘরের ওপর পাথরবোঝাই একটি ট্রাক উল্টে ঘুমিয়ে থাকা শামিমা আক্তার সেতু (১৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (৫ জুলাই) মধ্যরাতে উপজেলার নলদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতের পরিচয়
নিহত শামিমা আক্তার লোহাগড়া উপজেলার নলদী এলাকার কাঁচামাল ব্যবসায়ী মো. হাফিজার মোল্লার মেয়ে। সে নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত হয়েছেন শামিমার সঙ্গে একই কক্ষে থাকা তার ছোট বোন মিতু খানম (১৩)।
দুর্ঘটনার বিবরণ
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে সেতু ও মিতু রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক পথ ভুল করে সরু রাস্তায় চলে যায়। ট্রাকটি হাফিজার মোল্লার বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের টিনের ঘরের ওপর উল্টে পড়ে। এ সময় ট্রাকে থাকা পাথর সেতু ও মিতুর শরীরের ওপর পড়ে যায়।
উদ্ধার ও চিকিৎসা
শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে দীর্ঘ সময় ধরে পাথর সরিয়ে শামিমাকে মৃত অবস্থায় এবং মিতুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে মিতুকে চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, পাথরবোঝাই ট্রাকটি মিঠাপুর থেকে নলদী হয়ে ব্রাহ্মণডাঙ্গায় নির্মাণাধীন সেতুর জন্য পাথর নিয়ে যাচ্ছিল। পথ ভুলে চালক নলদী খালপাড়ের সরু সড়ক দিয়ে নওয়াপাড়ার দিকে চলে যাচ্ছিলেন। রোববার থেকে বৃষ্টি হওয়ায় ভারী ট্রাকটি রাস্তার খাদে পড়ে গিয়ে ঘরের ওপর উল্টে যায়।
পুলিশের বক্তব্য
লোহাগড়া থানার ওসি আবদুর রহিম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি।”



