বরিশালের গৌরনদী উপজেলায় মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে তিন বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় জালাল শিকদার (৬৫) নামে এক প্রতিবেশীকে আসামি করে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণ
ভুক্তভোগীর বাবা অভিযোগ করে বলেন, প্রতিবেশী জালাল শিকদার (৬৫) মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে তার তিন বছরের শিশু কন্যাকে নিজের বসতঘরে নিয়ে যান। সেখানে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনার দিন রাতে শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানালে তারা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শিশুটিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শুক্রবার দিবাগত রাতে শিশুটিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পুলিশের পদক্ষেপ
গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ হাসপাতালে গিয়ে ভুক্তভোগী ও তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেছে। শনিবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।



