বিটিভির বিশ্বকাপ সম্প্রচারে ভ্যাট অব্যাহতি, শর্ত চারটি
বিটিভির বিশ্বকাপ সম্প্রচারে ভ্যাট অব্যাহতি, ৪ শর্ত

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ম্যাচ সম্প্রচারের জন্য কেনা অল মিডিয়া রাইটসের বিপরীতে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতি দিয়েছে সরকার। তবে এ সুবিধা পেতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটিকে চারটি শর্ত পালন করতে হবে।

ভ্যাট অব্যাহতির আদেশ ও কার্যকারিতা

গত বৃহস্পতিবার (২ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এতে বলা হয়েছে, ২৩ জুন থেকে এ ভ্যাট অব্যাহতি কার্যকর হবে। চলমান ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের জন্য বিটিভি সরাসরি ফিফার কাছ থেকে অল মিডিয়া রাইটস কিনেছে। এ বাবদ ব্যয় হচ্ছে ৭৩ কোটি টাকা। এই অর্থের ওপর প্রযোজ্য ভ্যাট অব্যাহতির অনুমোদন দেওয়া হয়েছে।

চারটি শর্ত

আইআরডি চারটি শর্তে এ সুবিধা দিয়েছে:

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • প্রথমত, কেবল বিটিভির ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অল মিডিয়া রাইটস কেনার বিপরীতে পরিশোধযোগ্য ব্যয়ের ক্ষেত্রেই এ ভ্যাট অব্যাহতি প্রযোজ্য হবে।
  • দ্বিতীয়ত, সম্প্রচারস্বত্ব কেনার জন্য পরিশোধ করা অর্থের বিস্তারিত হিসাব অর্থ পরিশোধের ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটকে জানাতে হবে।
  • তৃতীয়ত, সাবলাইসেন্সি প্রতিষ্ঠানগুলো এ ভ্যাট অব্যাহতির আওতায় থাকবে না।
  • চতুর্থত, বিশ্বকাপের অল মিডিয়া রাইটস ছাড়া বাংলাদেশের অভ্যন্তরে অন্য কোনো সেবা গ্রহণের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।

পূর্ববর্তী অনুমোদন ও ব্যয় তুলনা

এর আগে ৭ জুন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বিটিভির জন্য ফিফার কাছ থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ৭৩ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কেনার সিদ্ধান্ত হয়। সরকারি তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনতে বিটিভির ব্যয় আগের আসরের তুলনায় প্রায় ২৫ কোটি টাকা কম হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ