হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিষেবা সংস্থা ডিনাটা। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সচিবালয়ে মন্ত্রীর দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আবদুল্লাহ আল আমৌদি।
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে ডিনাটার আগ্রহের কথা উল্লেখ করেন।
প্রতিমন্ত্রীর বক্তব্য
জবাবে প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে জানান, টার্মিনালটির কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু হওয়ার পর এই বিষয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে অবহিত করবে। তিনি আরও বলেন, বিমানবন্দরে সেবার মান বৃদ্ধিতে সরকার সব ধরনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে সদা প্রস্তুত।
রাষ্ট্রদূতের প্রত্যয়
এসময় রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে উভয় দেশের মধ্যে আরও নিবিড় সহযোগিতা গড়ে উঠবে।



