দিল্লিতে শপিংয়ে ব্যাগ বহনের ঝক্কি মিটাবে 'ক্যারিম্যান'
দিল্লিতে শপিংয়ে ব্যাগ বহনের ঝক্কি মিটাবে ক্যারিম্যান

দিল্লির লাজপত নগর, সরোজিনী নগর কিংবা চাঁদনি চকের মতো জমজমাট বাজারে কেনাকাটার অভিজ্ঞতা যেমন আনন্দের, তেমনি ক্লান্তিকর। এক হাতে তিন-চারটি শপিং ব্যাগ, অন্য হাতে খাবারের প্যাকেট, পকেট থেকে মুঠোফোন পড়ে যাওয়ার উপক্রম, ভিড় আর ঘামের মধ্যে মায়ের মুখে 'আর মাত্র একটা শেষ দোকান'; এটিই দিল্লির চেনা শপিং চিত্র। কেনাকাটার এই পুরো প্রক্রিয়ায় অনেক সময় বন্ধু, প্রেমিক কিংবা স্বামীরা ব্যাগ বইতে বইতে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়েন। এই ঝক্কি থেকে মুক্তি দিতে দিল্লির এক অভিনব স্টার্টআপ নিয়ে এসেছে চমৎকার এক সমাধান।

'ক্যারিম্যান': কেনাকাটা আপনার, ব্যাগ বহনের দায়িত্ব আমাদের

'ক্যারিম্যান' নামের এই কেনাকাটায় সহায়তাকারী স্টার্টআপটির মূল কথাই হলো, 'কেনাকাটা আপনার, ব্যাগ বহনের দায়িত্ব আমাদের।' দিল্লিরই দুই বাসিন্দা জনাকীর্ণ বাজারে পরিবারের সঙ্গে গিয়ে ব্যাগ বহনের শারীরিক ধকল ও ক্লান্তি থেকে এই আইডিয়াটি পান। স্টার্টআপটির একজন মুখপাত্র বলেন, 'মানুষ কেনাকাটা ভালোবাসে, কিন্তু এর সঙ্গে আসা শারীরিক মানসিক চাপকে ঘৃণা করে। আমরা চেয়েছি ভিড়ের মধ্যে মোমো খাওয়ার সময় ১০টি ব্যাগ সামলানোর দুশ্চিন্তা না করে মানুষ যেন কেনাকাটা উপভোগ করতে পারে।'

কী কী সেবা পাওয়া যাবে?

প্রতি ঘণ্টার জন্য মাত্র ১৪৯ রুপি (২, ৩ বা ৪ ঘণ্টার প্যাকেজ রয়েছে) খরচ করলেই ক্রেতারা পাবেন একজন প্রশিক্ষিত সহকারী, যিনি পুরো বাজারজুড়ে তাদের সঙ্গে থাকবেন। এই সহকারীরা শপিং ব্যাগ বহন করা, দোকান খুঁজে নেওয়া, খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা, গাড়ি পার্কিং বা মেট্রো গেট পর্যন্ত ব্যাগ পৌঁছে দেওয়া এবং বসার জায়গা খুঁজে পেতে সাহায্য করবেন। ফলে ক্রেতারা একদম মুক্ত হাতে চাপমুক্ত হয়ে কেনাকাটা করতে পারবেন। তবে একজন সহকারী সর্বোচ্চ ১২ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবেন; এর চেয়ে বেশি ওজনের জন্য অন্য আরেকজন সহকারী ভাড়া করতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষ সুবিধা: গর্ভবতী, অভিভাবক ও প্রবীণদের জন্য

এই সেবা বিশেষ করে গর্ভবতী নারী, ছোট সন্তান নিয়ে আসা অভিভাবক এবং প্রবীণ নাগরিকদের জন্য ভীষণ উপকারী প্রমাণিত হয়েছে। এক হাতে বাচ্চার স্ট্রলার এবং অন্য হাতে ব্যাগ সামলানোর কষ্ট কমাতে এই স্টার্টআপ বাড়তি খরচে স্ট্রলার ভাড়ার সুবিধাও দিচ্ছে। এ ছাড়া দীর্ঘক্ষণ হাঁটার পর প্রবীণ ক্রেতাদের বিশ্রামের জন্য সহকারীরা বাজারের মাঝখানেই ক্যাম্পিং চেয়ার পেতে বসার ব্যবস্থা করে দেন! গরম ও বৃষ্টির জন্য ছাতা, মুঠোফোন চার্জের জন্য পাওয়ার ব্যাংক এবং সুপেয় পানির সুবিধাও রয়েছে এই সেবায়।

মুখপাত্রের ভাষায়, 'এটি কেবল ব্যাগ বহন করার বিষয় নয়; এটি মূলত কেনাকাটার মানসিক চাপ কমানো এবং পরিবার, প্রবীণ ও নারীদের জন্য বাজারকে আরও আরামদায়ক করে তোলার প্রয়াস।'

সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা

গত এপ্রিলে যাত্রা শুরু করার পর প্রথম মাসেই কোনও বড় ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন ছাড়াই কেবল সাধারণ মানুষের মুখের কথায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জনে ৫০টিরও বেশি বুকিং পেয়েছে স্টার্টআপটি। আপাতত লাজপত নগরে চালু থাকলেও শিগগিরই চাঁদনি চকে এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা চলছে।

শারীরিক ক্লান্তি দূর হলেও আবেগের জায়গা অম্লান

অবশ্য ব্যবসার বাইরেও কেনাকাটার সঙ্গে জড়িয়ে থাকে কিছু মধুর পারিবারিক স্মৃতি। পরিবারের সঙ্গে সময় কাটাতে বাবার মুখ বুজে ব্যাগ বহন করা, অনিচ্ছা সত্ত্বেও ভাইয়ের 'কুলি' সেজে বোনের সঙ্গে যাওয়া, কিংবা ট্রায়াল রুমের বাইরে স্বামীর ঘণ্টার পর ঘণ্টা ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকা, এই আবেগীয় অনুভূতির জায়গা কোনও স্টার্টআপ বা পেশাদার সেবা কখনও পূরণ করতে পারবে না। তবে কেনাকাটার শারীরিক ক্লান্তি দূর করে ভালোবাসার মানুষদের সঙ্গে সুন্দর সময় কাটাতে এই উদ্যোগ নিঃসন্দেহে দারুণ এক সহায়।