গণিতের জগতে ১.৬১৮ সংখ্যাটি গোল্ডেন রেশিও নামে পরিচিত, যা প্রকৃতির এক জাদুকরি অনুপাত। ফুলের পাপড়ি থেকে গ্যালাক্সি পর্যন্ত সবকিছুর নকশায় এটি লুকিয়ে রয়েছে। এই রহস্য উন্মোচনে রাজধানীর ফরিদাবাদে বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়ে শনিবার দিনব্যাপী কর্মশালার আয়োজন করে বিদ্যালয়টির বিজ্ঞান ও গণিত ক্লাব।
কর্মশালায় কী শেখানো হয়?
কর্মশালায় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার গাণিতিক ভিত্তি, রাতের আকাশে তারা চেনার পদ্ধতি এবং গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের কৌশল শেখানো হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায় বলেন, পাঠ্যবইয়ের বাইরে গিয়ে বিশ্বকে জানতে বিজ্ঞান ও গণিতের চর্চা জরুরি। বিজ্ঞান ও গণিত ক্লাবের সভাপতি মমতাজ বেগম বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও অনুসন্ধিৎসু মন এই কর্মশালার মাধ্যমে বিকশিত হয়।
গণিত ও এআইয়ের সম্পর্ক
কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর জাহিদ হোসাইন খান। তিনি সহজ ভাষায় গণিতের জটিল বিষয় উপস্থাপন করেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে গণিতের ওপর ভিত্তি করে কাজ করে তা ব্যাখ্যা করেন। তিনি বলেন, গণিত মুখস্থের বিষয় নয়, এটি চিন্তার ভাষা। গণিত অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতা শিক্ষার্থীদের যৌক্তিক চিন্তাভাবনার বিকাশ ঘটায়। বর্তমান যুগে এআই-এর মূল চালিকা শক্তি গণিত, তাই ভবিষ্যতে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের গণিত, এআই ও মহাকাশবিজ্ঞানে দক্ষ হতে হবে।
শিক্ষার্থীদের প্রতিক্রিয়া
অষ্টম শ্রেণির শিক্ষার্থী জুনায়রা বিনতে ওয়াসিম জানায়, কর্মশালায় এসে বুঝতে পেরেছে গণিত ও বিজ্ঞানকে চমৎকার ও মজার উপায়ে জানা সম্ভব। বিশেষ করে আকাশে তারা দেখা ও গাছ চেনার কৌশলগুলো তার খুব ভালো লেগেছে।



