গুগলে এবার এআই দিয়ে তৈরি বিজ্ঞাপন চেনা যাবে সহজেই
গুগলে এআই বিজ্ঞাপন চেনার নতুন সুবিধা চালু

কোনো বিজ্ঞাপন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি বা সম্পাদনা করা হয়েছে কি না, তা এবার সহজেই জানতে পারবেন ব্যবহারকারীরা। এ জন্য নতুন একটি সুবিধা চালু করছে গুগল। এর মাধ্যমে গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রদর্শিত বিজ্ঞাপনে এআই ব্যবহারের তথ্য আরও স্বচ্ছভাবে তুলে ধরা হবে।

এআই বিজ্ঞাপনের স্বচ্ছতা নিশ্চিত করতে গুগলের নতুন উদ্যোগ

এআইভিত্তিক প্রযুক্তির উন্নয়নে এখন ব্যবসাপ্রতিষ্ঠানগুলো দ্রুত ও কম খরচে বিজ্ঞাপন তৈরি করতে পারছে। বাস্তবে আলোকচিত্র ধারণ ছাড়াই বিভিন্ন পরিবেশে পণ্যের বাস্তবধর্মী ছবি তৈরি করা সম্ভব হচ্ছে। এতে সময় ও ব্যয় কমলেও এসব ছবি বাস্তব, নাকি এআই দিয়ে তৈরি, তা বোঝা সব সময় সহজ হয় না। ফলে অনেক ক্ষেত্রে ব্যবহারকারীরা বিভ্রান্ত হওয়ার আশঙ্কায় থাকেন।

গুগলের নীতিমালায় বিভ্রান্তিকর ও প্রতারণামূলক বিজ্ঞাপন প্রকাশের সুযোগ নেই। তবে কোনো বিজ্ঞাপনে এআই দিয়ে তৈরি বা ডিজিটালভাবে সম্পাদিত ছবি ব্যবহার করা হলেও সেটি স্বয়ংক্রিয়ভাবে নীতিমালা লঙ্ঘনের মধ্যে পড়ে না। এত দিন শুধু নির্বাচনী বিজ্ঞাপনের ক্ষেত্রে এআই ব্যবহারের তথ্য প্রকাশ বাধ্যতামূলক ছিল। নতুন সুবিধা চালু হলে সাধারণ বাণিজ্যিক বিজ্ঞাপনেও সেই তথ্য দেখতে পারবেন ব্যবহারকারীরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কীভাবে কাজ করবে নতুন সুবিধা?

গুগল জানিয়েছে, নতুন সুবিধাটি ‘মাই অ্যাড সেন্টার’ প্যানেলে যুক্ত করা হচ্ছে। গুগল সার্চ, ইউটিউব ও গুগল ডিসকভারে প্রদর্শিত বিজ্ঞাপনের পাশে থাকা তিনটি বিন্দু বা তথ্যচিহ্নে ক্লিক করলে এই প্যানেলে প্রবেশ করা যাবে। বিশ্বের সব অঞ্চলের ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে সুবিধাটি চালু করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বর্তমানে ‘মাই অ্যাড সেন্টার’ থেকে বিজ্ঞাপন ব্লক বা প্রতিবেদন করার পাশাপাশি বিজ্ঞাপনদাতা সম্পর্কে তথ্য ও কেন নির্দিষ্ট বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে, সেটিও জানা যায়। নতুন সুবিধা যুক্ত হলে সেখানে ‘হাউ দিস অ্যাড ওয়াজ মেড’ নামে একটি অপশন দেখা যাবে। ওই অপশনে উল্লেখ থাকবে, বিজ্ঞাপনটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে, নাকি পরে এআই ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে।

বিজ্ঞাপনদাতাদের দায়িত্ব ও গুগলের ভূমিকা

গুগলের নিজস্ব জেনারেটিভ এআইভিত্তিক বিজ্ঞাপন তৈরির সরঞ্জাম ব্যবহার করা হলে এ তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। তবে অন্য কোনো প্ল্যাটফর্ম বা সফটওয়্যারের মাধ্যমে বিজ্ঞাপন তৈরি করা হলে বিজ্ঞাপনদাতাকেই জানাতে হবে, সেটি তৈরিতে এআই ব্যবহার করা হয়েছে কি না। এ ক্ষেত্রে গুগল নিজে থেকে কোনো যাচাই করবে না।

তবে যেসব দেশে স্থানীয় আইন অনুযায়ী এআই দিয়ে তৈরি বা সম্পাদিত বিজ্ঞাপনের তথ্য প্রকাশ বাধ্যতামূলক, সেখানে সংশ্লিষ্ট বিজ্ঞাপনে আলাদা এআই লেবেলও প্রদর্শন করা হবে।

সূত্র: টেকক্রাঞ্চ