এশিয়া প্যাসেফিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিনটি স্বর্ণপদক জয়
এশিয়া প্যাসেফিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের ৩ স্বর্ণ

প্রথম এশিয়া প্যাসেফিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ তিনটি স্বর্ণপদক জিতেছে, যা যেকোনো দেশের মধ্যে সর্বোচ্চ। ১৩ জুন ঢাকার নির্ধারিত ভেন্যু থেকে অনলাইনে যুক্ত হয়ে এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে অংশ নেয় বাংলাদেশের ৮ সদস্যের দল। সিঙ্গাপুর, জাপান, চীন ও রাশিয়াসহ ১৮টি দেশের ১২৯ জন প্রতিযোগী এই অলিম্পিয়াডে অংশ নিয়েছে।

বাংলাদেশের স্বর্ণপদক বিজয়ীরা

বাংলাদেশের হয়ে স্বর্ণপদক পেয়েছে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী ত্রিদিব রায় এবং মৌলভীবাজার সরকারি কলেজের সাইদুজ্জামান আরাফ। আট সদস্যের দলে আরও ছিল রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী মোবতাসিম চৌধুরী, দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নওফেল রহমান, ন্যাশনাল আইডিয়াল স্কুলের মুর্তজা আব্দুল্লাহ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অনন্য জারিফ এবং মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইরাহ নাওয়ার আহমেদ।

আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে অংশগ্রহণ

এবারের এই সাফল্যের পর বাংলাদেশের এই দলটি অংশ নেবে কাজাখস্তানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে। তবে সেখানে থাকবে ৪ সদস্যের বাংলাদেশ দল। সঙ্গে দলনেতা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আয়োজন ও স্পনসর

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সার্বিক ব্যবস্থাপনায় দেশের তরুণ প্রজন্মকে এআই ও মেশিন লার্নিং প্রযুক্তিতে বিশ্বমানের করে গড়ে তোলার লক্ষ্যে এই অলিম্পিয়াড নিয়মিত পরিচালিত হয়ে আসছে। এবারের আসরের প্ল্যাটিনাম স্পনসর ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। পাওয়ারড বাই পার্টনার হিসেবে ছিল রিভ চ্যাট। গোল্ড স্পন্সর হিসেবে ছিল ব্রেইন স্টেশন ২৩। সিলভার স্পন্সর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি। ব্রোঞ্জ স্পন্সর বিটনা। নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট। টিভি পার্টনার দীপ্ত টিভি। ম্যাগাজিন পার্টনার মাসিক কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা। অন্যান্য পার্টনার হিসেবে ছিল বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, রকমারি ডটকম এবং জাদুপিসি।