কুমিল্লায় পাকিস্তানি পরিবারের ফেলে যাওয়া শিশু ৬ ঘণ্টা পর ফিরে পেল মাকে
কুমিল্লায় ফেলে যাওয়া শিশু ৬ ঘণ্টা পর মা'র কোলে

কুমিল্লায় পাকিস্তানি এক পর্যটক পরিবারের অসাবধানতার কারণে হোটেলে ফেলে যাওয়া দুই বছর বয়সী এক শিশু প্রায় ছয় ঘণ্টা পর পরিবারের কাছে ফিরে এসেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কীভাবে ঘটলো দুর্ঘটনা

পাকিস্তানের করাচি থেকে ১১ সদস্যের একটি পরিবার গত বৃহস্পতিবার বাংলাদেশে বেড়াতে আসে। ঢাকায় এক দিন অবস্থানের পর শনিবার ভোরে দুটি গাড়িতে করে তারা কক্সবাজার সমুদ্রসৈকতের উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্তোরাঁয় যাত্রাবিরতি দিয়ে তারা নাশতা করেন। বিরতি শেষে আবার যাত্রা শুরু করলেও ভুলে হোটেলে ফেলে যান দুই বছর বয়সী শিশুটিকে।

হোটেল কর্তৃপক্ষের তৎপরতা

জাইতুন রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, শিশুটি প্রথমে কান্নাকাটি করলেও প্রতিষ্ঠানের কর্মচারীরা দ্রুত তাকে সামলে নেন। মুঠোফোনে খেলার মাধ্যমে শিশুটিকে ব্যস্ত রাখা হয়। পাশাপাশি হোটেলের ফেসবুক পেজে ঘটনা জানিয়ে একটি পোস্ট করা হয়। প্রায় ছয় ঘণ্টা পর পরিবারটির সদস্যরা ফিরে আসেন। পরে শিশুটি মায়ের কোল ফিরে পায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের ভুল বুঝতে পারা

জাইতুন রেস্তোরাঁর স্বত্বাধিকারী এ কে এম লুৎফুর রহমান ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন, দুটি গাড়ির একটিতে শিশুটির বাবা, অন্যটিতে তার মা ছিলেন। এ জন্য মা ভেবেছিলেন, শিশুটি বাবার কাছে আছে। অন্যদিকে বাবা ভাবেন শিশুটি মায়ের কাছে। চট্টগ্রামের কর্ণফুলী টানেল পার হওয়ার পর পরিবারটি চা–পানের জন্য যাত্রাবিরতি দেওয়ার পর বিষয়টি বুঝতে পারে। এরপর তারা তাদের ফেসবুক পেজে ওই পোস্ট দেখতে পায়। তখন তারা কল করেন ও ভিডিও কলে শিশুটির সঙ্গে কথা বলেন। পরে বেলা আড়াইটার দিকে তারা ফিরে শিশুটিকে নিয়ে যান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিশুর নিরাপত্তা ও আবেগঘন মুহূর্ত

লুৎফুর রহমান আরও বলেন, ‘আমাদের স্টাফরা বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে শিশুটিকে একমুহূর্তের জন্যও আতঙ্কিত হতে দেননি। প্রথমে শিশুটি বাবা-মা চলে যাওয়ায় কান্না করছিল। কিন্তু আমরা তাকে মোবাইলে ভিডিও দেখিয়েছি, খেলা করেছি। এতে শিশুটি মজা পেয়ে হাসিখুশি ছিল। অবশেষে শিশুটি মায়ের কোলে ফিরে গেছে, এটাই আমাদের জন্য বড় পাওয়া।’ পাকিস্তানি পরিবারটির বরাত দিয়ে তিনি বলেন, গত পরশু পরিবারটি ১১ জন সদস্য নিয়ে করাচি থেকে বাংলাদেশে ঘুরতে আসে। তারা বাংলাদেশে ১২ দিন থাকবেন। আজ তারা সবাই কক্সবাজারে যাচ্ছিলেন। যাত্রাপথে এ ঘটনা ঘটে।’

সিসিটিভি ফুটেজে যা দেখা গেছে

রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, পরিবারটির ১১ জন সদস্য, চালকসহ অন্তত ১৪ জন দুটি গাড়িতে করে এসে জাইতুন রেস্তোরাঁয় বসে নাশতা করছেন। এ সময় তারা গল্প-আড্ডায় মেতে ছিলেন। যাওয়ার সময় ভুলে শিশুটিকে রেস্তোরাঁর ভেতরে ফেলে চলে যায় পরিবারটি।

পরিবারের অসাবধানতার কারণে এমন ঘটনার সাক্ষী হয়েছে জাইতুন রেস্তোরাঁ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়। শিশুটিকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে পাকিস্তানি পরিবারটি।