ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা ল্যাব উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডাক, টেলিযোগাযোগ, আইটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি প্রধান অতিথি হিসেবে এআই গবেষণা ল্যাব এবং 'এআই প্রজেক্ট কম্পিটিশন ২০২৬'-এর উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্য
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি শিক্ষা, উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন এবং ৬টি বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে অংশ নেন। ফকির মাহবুব আনাম বলেন, 'এই এআই গবেষণা ল্যাব গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষের একটি প্রাণবন্ত কেন্দ্র হয়ে উঠবে। এটি শিক্ষার্থীদের অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সম্পর্কে জানার, প্রভাবশালী গবেষণা পরিচালনার, উদ্ভাবনী প্রোটোটাইপ তৈরি করার এবং শিল্প-উপযোগী সমাধান উদ্ভাবনের সুযোগ দেবে।'
তিনি আরও বলেন, 'আইসিটি খাতে বাংলাদেশ সরকারের দূরদর্শী উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তরের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। 'নিউ বাংলাদেশ' গঠনের পথে এগিয়ে যাওয়ার সময় সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন, গবেষণা এবং দক্ষ কর্মী বাহিনী গঠনে বিশেষ গুরুত্ব দিচ্ছে।'
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আর কবির। উপ-উপাচার্য অধ্যাপক মো. মাসুম ইকবাল এবং কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান অধ্যাপক মো. সারওয়ার হোসেন মোল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মো. সবুর খান বলেন, 'আমরা শুধু একটি এআই-সক্ষম বিশ্ববিদ্যালয় নয়, একটি এআই-নেটিভ বিশ্ববিদ্যালয় গড়তে চাই। এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে এআই শুধু প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হবে না; বরং আমাদের নিজস্ব এআই-ভিত্তিক উদ্ভাবন সমাজ ও রাষ্ট্রের বাস্তব সমস্যার কার্যকর সমাধান তৈরি করবে।'
ভবিষ্যৎ পরিকল্পনা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশা করে যে নবপ্রতিষ্ঠিত এআই গবেষণা ল্যাব একাডেমিয়া, শিল্প ও সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করবে, উদ্ভাবন-ভিত্তিক একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তুলবে এবং দেশের এআই-চালিত ভবিষ্যৎ গঠনে অর্থপূর্ণ ভূমিকা রাখবে।



