বাংলাদেশে ডেটা ট্রানজিট নীতিতে বড় পরিবর্তনের আভাস বিডিনগ সম্মেলনে
বাংলাদেশে ডেটা ট্রানজিট নীতিতে বড় পরিবর্তনের আভাস

বাংলাদেশে ডেটা ট্রানজিট ব্যবস্থায় বড় ধরনের নীতিগত পরিবর্তনের আভাসের মধ্য দিয়ে শেষ হলো ২১তম বিডিনগ সম্মেলন। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) আয়োজিত এ সম্মেলনে স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংককে নন–ফিল্টারড ডেটা–সুবিধা দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিডিনগ।

সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যানের বক্তব্য

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর নতুন বাস্তবতায় নেটওয়ার্ক অবকাঠামো এখন কেবল সংযোগের বিষয় নয়, এটি আলাদা একটি ডিজিটাল জগৎ তৈরি করছে। তবে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে নীতিমালায় পরিবর্তনের প্রয়োজন হলেও সব ধরনের লাইসেন্স বাধা এখনই তুলে দেওয়া সম্ভব নয়। সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে এই খাতকে এগিয়ে নিতে হবে।

সরকারি সহযোগিতা ও নিরাপত্তা জোরদার

বিজনেস প্রমোশন কাউন্সিলের পরিচালক রাজ্জাকুল ইসলাম বলেন, দেশের আইএসপি খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নির্ধারণে জরিপ ও গবেষণায় সরকার সহযোগিতা করবে। পাশাপাশি ডেটা উন্মুক্ত করার ক্ষেত্রে নিরাপত্তার সক্ষমতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিল্প সংগঠনের প্রতিক্রিয়া

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া বলেন, আমরা আশা করেছিলাম, প্রধান অতিথি এমন একটি নীতিমালার রূপরেখা তুলে ধরবেন, যা অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ উপযোগী দক্ষ প্রকৌশলী গড়ে তুলতে সহায়ক হবে। আগামী দিনে আমরা তেমনটা পাব বলে আশা রাখি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইপিভি-৬ বাধ্যতামূলক করার পরিকল্পনা

সম্মেলনে সরকারি ওয়েবসাইট ও ই–টেন্ডারিং ব্যবস্থায় আইপিভি–৬ বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা তুলে ধরেছে বিটিআরসি, যা দেশের ইন্টারনেট অবকাঠামোর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। সম্মেলনে আরও বক্তব্য দেন আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম ও বিডিনগের সাধারণ সম্পাদক বরকতুল আলম।