গুগল অ্যান্ড্রয়েড ১৭-এ যুক্ত করছে ‘কন্টিনিউ অন’ সুবিধা
গুগল অ্যান্ড্রয়েড ১৭-এ যুক্ত করছে ‘কন্টিনিউ অন’

আইওএস অপারেটিং সিস্টেমের ‘কন্টিনিউটি’ সুবিধার আদলে ‘কন্টিনিউ অন’ নামের নতুন সুবিধা অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে যুক্ত করতে যাচ্ছে গুগল। সম্প্রতি অনুষ্ঠিত গুগল আই/ও ২০২৬ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

কী এই ‘কন্টিনিউ অন’ সুবিধা?

গুগলের তথ্য অনুযায়ী, ‘কন্টিনিউ অন’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা একটি অ্যান্ড্রয়েড ডিভাইসে শুরু করা কাজ অন্য ডিভাইসে গিয়ে একই অবস্থান থেকে চালিয়ে যেতে পারবেন। উদাহরণস্বরূপ, কেউ যদি স্মার্টফোনে গুগল ডকসে একটি নথি সম্পাদনা শুরু করেন, তবে পরে ট্যাবলেটে গিয়ে সেটি ঠিক আগের অবস্থান থেকেই চালিয়ে নিতে পারবেন। এতে আলাদাভাবে ফাইল খুঁজে বের করা বা নতুন করে কাজ শুরু করার প্রয়োজন হবে না।

শর্ত ও প্রাথমিক সীমাবদ্ধতা

সুবিধাটি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট ডিভাইসগুলোতে একই গুগল অ্যাকাউন্টে সাইন ইন থাকতে হবে। প্রাথমিকভাবে শুধুমাত্র স্মার্টফোন থেকে ট্যাবলেটে কাজ স্থানান্তরের সুবিধা চালু করা হবে। তবে ভবিষ্যতে অ্যান্ড্রয়েডনির্ভর অন্যান্য ডিভাইসও এই ব্যবস্থার আওতায় আনা হতে পারে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগলের ভবিষ্যৎ ল্যাপটপ বা ডেস্কটপ প্ল্যাটফর্মেও এ সুবিধা যুক্ত হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুই ধরনের হ্যান্ডঅফ ব্যবস্থা

গুগল জানিয়েছে, ‘কন্টিনিউ অন’-এ দুই ধরনের হ্যান্ডঅফ ব্যবস্থা থাকবে। একটি হলো অ্যাপ-টু-অ্যাপ, যেখানে একই অ্যাপ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। অন্যটি ওয়েবভিত্তিক, যেখানে কোনো ডিভাইসে প্রয়োজনীয় অ্যাপ ইনস্টল না থাকলে ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওয়েব সংস্করণ ব্যবহার করেই কাজ চালিয়ে নেওয়া সম্ভব হবে।

এটি আইওএসের ‘কন্টিনিউটি’ সুবিধার মতোই, যা ব্যবহারকারীদের এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে নির্বিঘ্নে কাজ স্থানান্তর করতে সহায়তা করে। অ্যান্ড্রয়েড ১৭-এর এই নতুন সুবিধা ব্যবহারকারীদের জন্য আরও সুসংহত ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: নিউজ ১৮

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ