গুগল ভয়েস সার্চে নতুন সুবিধা: লাইভ চ্যাট, অনুবাদ ও গান শনাক্তকরণ
গুগল ভয়েস সার্চে নতুন সুবিধা: লাইভ চ্যাট, অনুবাদ ও গান শনাক্তকরণ

গুগল তাদের ভয়েস সার্চ-সেবায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত করেছে। নতুন এই হালনাগাদের ফলে ব্যবহারকারীরা এখন একই ইন্টারফেস থেকে তথ্য অনুসন্ধান, লাইভ চ্যাট, অনুবাদ ও গান শনাক্ত করতে পারবেন। এর ফলে এত দিন তুলনামূলকভাবে সীমিত ব্যবহারের এই সেবা আরও কার্যকর ও বহুমুখী হয়ে উঠতে যাচ্ছে।

নতুন ইন্টারফেসের বৈশিষ্ট্য

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি প্রথম ভয়েস সার্চ-সেবার নতুন ইন্টারফেসের তথ্য প্রকাশ করেছিল। তখন এটি পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও এখন ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য ভয়েস সার্চ-সেবার হালনাগাদ ইন্টারফেস উন্মুক্ত করছে গুগল। ভয়েস সার্চের অন্যতম বড় সীমাবদ্ধতা ছিল, ব্যবহারকারীরা কথা বলার সময় সামান্য বিরতি নিলেই এটি বক্তব্য শেষ হয়েছে ধরে নিয়ে স্বয়ংক্রিয়ভাবে অনুসন্ধান শুরু করত। ফলে অনেক ক্ষেত্রেই পুরো প্রশ্ন বা নির্দেশনা দেওয়ার আগে অনুসন্ধান চালু হয়ে যেত। নতুন সংস্করণে এই সমস্যার সমাধান করা হয়েছে। হালনাগাদ ইন্টারফেসে একটি ছোট ব্লু পিল বাটন যোগ করা হয়েছে, যার মাধ্যমে ‘অটো সার্চ’ সুবিধা চালু বা বন্ধ করা যাবে। ফলে ব্যবহারকারী নিজের সুবিধামতো কথা বলা শেষ করে অনুসন্ধান শুরু করতে পারবেন। এতে ভয়েস সার্চ ব্যবহারের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় হবে।

লাইভ চ্যাট ও গান শনাক্তকরণ

নতুন ইন্টারফেসে ভয়েস সার্চের সঙ্গে চারটি আলাদা সুবিধাও যোগ করা হয়েছে। এর মধ্যে ‘লাইভ’ সুবিধা চালু করলে ব্যবহারকারীরা জেমিনি লাইভের মতো ধারাবাহিক কথোপকথন চালিয়ে যেতে পারবেন। অর্থাৎ প্রতিবার নতুন করে অনুসন্ধান শুরু না করেই প্রশ্নোত্তর চালিয়ে যাওয়া সম্ভব হবে। গান শনাক্তকরণের সুবিধা আগে থেকেই ভয়েস সার্চে ছিল। তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে আশপাশের শব্দ বিশ্লেষণ করে কাজ করত। নতুন সংস্করণে এই সুবিধাকে আলাদা অপশন হিসেবে রাখায় ব্যবহারকারীরা সহজেই সরাসরি গান শনাক্তকরণ সুবিধা চালু করতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুবাদ ও অন্যান্য সুবিধা

এ ছাড়া নতুন অনুবাদ-সুবিধার মাধ্যমে শোনা শব্দ বা বাক্য অন্য ভাষায় রূপান্তর করা যাবে। ভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সুবিধাটি কার্যকর ভূমিকা রাখবে। উল্লেখ্য, নতুন যুক্ত হওয়া বেশ কয়েকটি সুবিধা আগে থেকেই গুগল অ্যাপের বিভিন্ন অংশে যুক্ত ছিল। নতুন ইন্টারফেসে সব সুবিধাকে এক জায়গায় নিয়ে আসায় ব্যবহারকারীরা সহজেই সেগুলো খুঁজে পাবেন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। চলতি বছরের শুরুতেও ভয়েস সার্চে বড় ধরনের পরিবর্তন এনেছিল গুগল। সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ।